এক মেয়র প্রার্থী ও দুই সমর্থক দণ্ডিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে এক মেয়র প্রার্থী ও অপর দুই মেয়র প্রার্থীর দুই সমর্থককে জরিমানা করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
বদরগঞ্জে পৌর নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী লাতিফুল খাবীরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক গত শনিবার রাত নয়টার দিকে ওই জরিমানা করেন।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মেয়র প্রার্থী লাতিফুল শহরের শহীদ মিনার এলাকায় প্রচারণা মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন। বিষয়টি এলাকায় টহলরত ভ্রাম্যমাণ আদালতের নজরে পড়ে। এ সময় মেয়র প্রার্থীকে দুই হাজার টাকা জরিমানা করেন আদালত। অবশ্য জরিমানার টাকা পরিশোধ করে তাৎক্ষণিক মুক্তি পান ওই প্রার্থী।
একই রাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের মেয়র প্রার্থী উত্তম কুমার সাহার নির্বাচনী সমর্থক অরুণ সাহাকে দুই হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সৈয়দপুর পৌরসভায় বেলা ১১টার দিকে মিছিল ও প্রচারপত্র বিলির সময় এক যুবককে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। পৌরসভায় বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকারের পক্ষে কিছু যুবক মিছিল করছিলেন। পুলিশ গিয়ে ধাওয়া করে এঁদের মধ্য থেকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর গ্রামের জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে। সৈয়দপুর উপজেলার ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফফাত ওই ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড, অনাদায়ে পাঁচ হাজার টাকার জরিমানা করেন। তাৎক্ষণিকভাবে যুবকটি জরিমানার টাকা পরিশোধ করেন।