এক মেলায় মাঠ ও খেলা দুই-ই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের অন্যতম গুরুত্বপূর্ণ খেলার মাঠ সার্কিট হাউস ময়দান এখন বড় বড় গর্ত আর ইট ভাঙার স্থানে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার কারণে প্রায় সাড়ে তিন মাস ধরে মাঠটিতে সব ধরনের খেলাধুলা বন্ধ রয়েছে। মাঠের অভাবে খেলোয়াড়েরা যেমন খেলাধুলা করতে পারছেন না, তেমনি সকাল-বিকেল হাঁটতে আসা লোকজনও সমস্যায় পড়ছেন।খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় খুলনা শিল্প ও বণিক সমিতি প্রায় প্রতিবছর নগরের সার্কিট হাউস ময়দানে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করে। গত ২ এপ্রিল মেলা শুরু হলেও মার্চের মাঝামাঝি সময় থেকে মাঠকে ঘিরে মেলা আয়োজনের প্রস্তুতি শুরু হয়। গত ৪ জুন মেলা শেষ হয়।গত বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছোট-বড় গর্তেভরা সার্কিট হাউস ময়দান বৃষ্টির পানি আর কাদায় বিচ্ছিরি রূপ নিয়েছে। মাঠজুড়ে ইট আর ইট ভেঙে খোয়া তৈরির কাজ চলছে পুরোদমে। মাঠের একপাশে ক্রিকেট খেলার জন্য বানানো কংক্রিটের পিচের অবস্থাও যাচ্ছেতাই। জায়গা না পেয়ে কয়েকজন কিশোর ওই পিচের ওপর অনুশীলন করছিল। তাদের একজন সরকারি এম এম সিটি কলেজের ছাত্র আবির শাহরিয়ার। সে বলে, ‘মাঠটার অবস্থা অনেক দিন ধরেই খারাপ। মনে হয় দেখার কেউ নাই। মাঠের ভেতরে খেলা করা যায় না।’খুলনার নাগরিক ফোরামের চেয়ারপারসন শেখ আবদুল কাইয়ুম বলেন, ‘মনে হচ্ছে এ মাঠে খুলনার সাধারণ মানুষের কোনো অধিকারই নেই।’ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহমেদ ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘খেলা বন্ধ করে প্রতিবছর বাণিজ্য মেলা করা হয়। মেলার ফলে নষ্ট মাঠ ঠিক করতে করতে আবার মেলার সময় এসে যায়। মাঠের ভেতর এখন পরিত্যক্ত ইট ভেঙে খোয়া বানানো হচ্ছে। প্রশাসন সঠিক পদক্ষেপ নিলে মাঠটা এত দিনে খেলার উপযোগী হয়ে যেত। এখন আমাদের খেলা বন্ধ করে দেওয়া ছাড়া অন্য পথ নেই।’খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সত্যেন্দ্র কুমার সরকার প্রথম আলোকে বলেন, ‘আমরা তাগিদ দেওয়া সত্ত্বেও ঠিকাদারেরা মাঠের ইট, কংক্রিট ও অন্যান্য জিনিস এখনো অপসারণ করেননি। দু-এক দিনের মধ্যে কাজ শেষ না করলে আমরা দরপত্রের মাধ্যমে সরিয়ে ফেলব। আশা করছি, অল্পদিনের মধ্যেই মাঠ খেলার উপযোগী হয়ে উঠবে।’