খাগড়াছড়ি পৌরসভায় নারী মেয়র পদপ্রার্থী ও চার কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মাটিরাঙ্গা পৌরসভায় এক কাউন্সিল প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। গতকাল রোববার খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই করে হলফনামায় তথ্য গোপন, ঋণখেলাপি ও মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন।
খাগড়াছড়ি পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সমারী চাকমার মনোনয়নে ১০০ জন ভোটারের সমর্থনের কাগজে ভোটার নম্বর ও জাতীয় পরিচয়পত্রের আইডি নম্বর ভুল থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মংচিচিং মারমা, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী চিরঞ্জিত ত্রিপুরা, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ধূমকেতু মারমা এবং ১-২-৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের পদপ্রার্থী আয়শা আক্তারের প্রার্থিতা বাতিল করা হয়।
খাগড়াছড়ি পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন বলেন, জমা দেওয়া মনোনয়নপত্রে ত্রুটি ও হলফনামায় তথ্য গোপনের কারণে একজন মেয়র পদপ্রার্থী, তিনজন সাধারণ কাউন্সিল প্রার্থী ও একজন সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
মাটিরাঙ্গা পৌরসভায় ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান কাউন্সিলর নূরুল আমিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মাটিরাঙ্গা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নূরুল আলম জানান, নূরুল আমিন হলফনামায় শিক্ষাগত যোগ্যতার তথ্য গোপন করায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মাটিরাঙ্গা পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের শামছুল হক, বিএনপির মো. বাদশা মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আশরাফসহ তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত নারী আসনে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। খাগড়াছড়ি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী শানে আলম, বিএনপির আবদুল মালেক এবং জাতীয় পার্টির মো. ইসহাক।