এক মোটরসাইকেলে তিনজন, দুর্ঘটনায় নিহত ২
এক মোটরসাইকেলে তিন আরোহী যাচ্ছিলেন। সড়কের পাশে দাঁড়ানো রোলারের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে নিহত হন দুই আরোহী। আহত হন একজন।
মৌলভীবাজার সদর উপজেলার নিতেস্বর এলাকায় গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘন কুয়াশা থাকায় চালক দেখতে পাননি বলে ধারণা করা হচ্ছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের কদুপুর গ্রামের আশফাক আহমদ (২৫) ও মোকামবাজার এলাকার কামরুল ইসলাম (২৫)। গুরুতর আহত বিশাল আহমদকে (২৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী বলছে, মোটরসাইকেলে করে তাঁরা তিনজন শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে যাচ্ছিলেন। নিতেস্বর এলাকায় পৌঁছালে মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের পাশে রাখা একটি রোলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মধুসূদন রায় দুর্ঘটনায় দুজনের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।