এক মোরগের সংসার

সোনালি জাতের লাল মোরগ একটি। এ মোরগের সঙ্গে থাকে নয়টি মুরগি। জাল দিয়ে বিশেষভাবে তৈরি করা হয় ঘর। নয়টি মুরগি নিয়ে এ সংসারের নাম এক মোরগের সংসার।
নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের চর নাঙ্গুলিয়াসহ বিভিন্ন চরে এক মোরগের সংসার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মূলত, এলাকায় যেসব সহযোগী সংগঠন কাজ করছে, তারাই স্থানীয়দের এ বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। ভ্যাকসিনেশনের ব্যবস্থা করছে। দরিদ্র মানুষকে আকৃষ্ট করার জন্যই পরিবারের এ নামকরণ।
চর নাঙ্গুলিয়াতে ২৫ বছর বয়সী সুলতানা বেগমের বাড়িটি বেশ ছিমছাম করে সাজানো। ঘরের টিনে নীল রং। চারপাশে নানান গাছপালা, পুকুর। সেখানেই দেখা মিলল এক মোরগের সংসারের। সুলতানার বাড়ির একজনের কাছে এর রহস্য জানতে চাইলে বললেন, ‘বুঝলেন না? এইটা হইলো এক মোরগ আর নয় মুরগির সংসার। মোরগ একটা, তাই নাম হইছে এক মোরগের সংসার।’
সুলতানা বেগমের স্বামী মো. রাশেদ জানালেন, ছয় মাস ধরে মোরগের সংসার সাজিয়েছেন। প্রাথমিক খরচ হয়েছিল দুই থেকে আড়াই হাজার টাকার মতো। এখন মুরগিগুলো ডিম দিচ্ছে। একেকটা ডিমের দাম আট থেকে নয় টাকা। বিক্রির পাশাপাশি সন্তানসম্ভবা স্ত্রী, বাচ্চাসহ পরিবারের খাবারের জন্যও কিছু ডিম রাখা হয়।
রাশেদ জানালেন, এক মোরগের সংসারের কথা শুনছেন অনেক দিন ধরেই। সবার মুখে প্রশংসা শুনে তিনিও শুরু করেছেন। এখন পর্যন্ত যা অবস্থা, তাতে শুরু করাটা মন্দ হয়নি। ঘরের খাবারই খায় এ মোরগ ও মুরগি। যত্নআত্তিও খুব একটা দরকার হয় না। জাল দিয়ে ঘেরা জায়গায় থাকে বলে পুরো বাড়ি নোংরা করে না। বাড়ির নারী সদস্যরাই এ সংসারের যত্ন করতে পারেন।
চর নাঙ্গুলিয়াতে দ্বীপ উন্নয়ন সংস্থা, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাসহ কয়েকটি সংগঠন এই মোরগ-মুরগি পালনে এলাকার মানুষের সহযোগিতা করছে।
দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম প্রথম আলোকে বলেন, সাধারণত মুরগির চেয়ে মোরগের সংখ্যা বেশি রাখার প্রবণতা আছে। অথচ একটি মোরগ ও নয়টি মুরগি রাখলে একটি পরিবার মাসে কম করে হলেও তিন হাজার টাকা আয় করতে পারে। ২০১০ সাল থেকেই সংগঠনের প্রকল্পের আওতায় আসা পরিবারগুলোর কাছে বিষয়টিকে পরিচিত করে তোলার চেষ্টা চালানো হচ্ছে। এখন বিষয়টি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
চর নাঙ্গুলিয়ার ফেরদৌসী বেগমের বাড়িটিও গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, পুকুরে মাছ চাষ,নানান গাছগাছালি দিয়ে সাজানো। ঘরের চালে সোলার লাগানো। বাড়ির ফল, সবজি, হাঁস, মুরগিসহ বিভিন্ন জিনিস বিক্রি করে বছরে কম করে হলেও দেড় লাখ টাকা আয় করেন বলে জানালেন।
১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে হাতিয়ায় গিয়ে দেখা মেলে এক মোরগের সংসারের।
দ্বীপ উন্নয়ন সংস্থার নির্বাহী সংস্থার নির্বাহী পরিচালক রফিকুল আলম জানালেন, নিঝুম দ্বীপে সমৃদ্ধ বাড়ি তৈরি করা হয়েছে। তবে সেখানে এখন পর্যন্ত এক মোরগের সংসারসহ হাঁস, মুরগি, গরু, ছাগল পালন কার্যক্রমটি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এ ক্ষেত্রে মূল সমস্যা ভ্যাকসিনেশন। তাই পিকেএসএফের সহায়তায় দ্বীপে সোলার ফ্রিজ চালু করা সম্ভব হলে মোরগ সংসার পাতবে এ দ্বীপেও।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার এনজিও কো-অর্ডিনেটর মো. হান্নান মোল্লা জানালেন, চর নাঙ্গুলিয়াতে গত দুই বছরে প্রায় ১৬টি পরিবার এক মোরগের সংসার পেতেছে নিজ বাড়িতে। সংস্থার ১২টি শাখায় পোলট্রি অ্যান্ড লাইভস্টকের আওতায় এ কার্যক্রম পরিচালনার চিন্তাভাবনা চলছে। সোনালি জাতের মুরগি বছরে ১৮০ থেকে ২৪০টি ডিম দেয়, যা খুব লাভজনক। মাংস উৎপাদনের পরিমাণও বেশি।
এ সংগঠনের সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানালেন, সোনালি জাতের (ক্রস বিড) মুরগিকে ভ্যাকসিনেশনের আওতায় আনা গেলে মৃত্যুহার নেই বললেই চলে। আর তিন চার মাসে ভ্যাকসিনেশনের যে খরচ, তাও খুব কম। আর স্বল্প খরচে পরিবারের বাড়তি আয় তো আছেই।