
বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে পাড়া ও প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় ২৪টি ইটভাটা করা হয়েছে। আশপাশের বনাঞ্চল ধ্বংস করে কাঠ এনে সেসব ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। ইটভাটাগুলোর ধোঁয়ায় ও ধুলাবালিতে এলাকায় বসবাস করা কঠিন হয়েছে বলে জানিয়েছেন পাড়াবাসী।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খিন ওয়ান নু বলেন, লামা উপজেলায় একটিও বৈধ ইটভাটা নেই। ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার জন্য জানুয়ারিতে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে ইটভাটার মালিকেরা অবৈধভাবে ইট পোড়াচ্ছেন।
সম্প্রতি ফাইতংয়ে গিয়ে দেখা যায়, বড় বড় পাহাড় কেটে শিবাতলিপাড়ায় দুটি, মধ্য শিবাতলি মংবাচিংপাড়ায় দুটি, মেঅংয়ে তিনটি ইটভাটা করা হয়েছে। ইটভাটার জ্বালানির জন্য আশপাশের বনাঞ্চল বিরান ভূমিতে পরিণত করা হয়েছে। মে অংপাড়ার কার্বারি (পাড়াপ্রধান) মে অং মারমা বলেন, ‘আমরা অসহায়। ধুলাবালি ও ধোঁয়ায় চোখ জ্বলে শ্বাসপ্রশ্বাসে সমস্যা হয়।’
শিবাতলিপাড়ার প্রবীণ থোয়াইচিং হ্লা মারমা ও মুইগ্য মারমা বলেন, দ্রুত ইটভাটাগুলো বন্ধ করা না হলে তিনটি মারমাপাড়ার লোকজন এলাকা ছাড়তে বাধ্য হবে। তাঁরা বলেন, পাড়ার মধ্যে ইটভাটায় শত শত বহিরাগত শ্রমিক কাজ করেন। এ জন্য তাঁরা সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগেন।
ফাইতং মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) উম্রামং মারমা বলেন, ফাইতং ইউনিয়নে শুধু তাঁর মৌজায় ২৪টি ইটভাটা আছে। কিন্তু একটি ইটভাটারও বৈধতা নেই।
মে অংপাড়ার ম্যানগ্রোভ ব্রিকস ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবস্থাপক এনামুল হাসান বলেন, তাঁরা প্রশাসন থেকে ইটভাটা বন্ধের নোটিশ পেয়েছেন। তিনি বলেন, নোটিশের আগে পাহাড় কাটার জন্য ভ্রাম্যমাণ আদালত তাঁদের তিন লাখ টাকা জরিমানা করেছেন। যদিও তাঁরা পাহাড় কাটেননি। পাহাড়ের মালিকেরাই পাহাড় কেটে তাঁদের মাটি দিয়েছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ফাইতং ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইউএনও খিন ওয়ান নু বলেন, তিনি সব ইটভাটা বন্ধের নির্দেশ দিলেও মালিকেরা বন্ধ করছেন না। তিনি বলেন, উপজেলায় কর্মকর্তা না থাকায় জেলা থেকে নির্বাহী হাকিম চেয়ে আগামী কয়েক দিনের মধ্যে ইটভাটা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে।