একই বিজ্ঞপ্তি পেয়ে আবেদন করে একসঙ্গে পরীক্ষা দিয়েছেন তাঁরা। কিন্তু তাঁদের কেউ চাকরি করছেন, আর কেউ রাস্তায় ঘুরছেন। যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের চাকরির বয়স প্রায় দুই বছর হতে চলছে। আর বাকিরা ফলাফলের আশায় দিন গুনছেন। চার বছরেও তাঁদের নিয়োগ পরীক্ষার ফল ঘোষিত হয়নি।
‘এই অবস্থায় একদিকে চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, অন্যদিকে হতাশা বাড়ছে,’ বললেন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষমাণ ৬৯ জনের একজন। তিনি তাঁর নাম প্রকাশ করতে চাননি।
শিল্প মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনে তিনটি পদে এই ৬৯ জনের নিয়োগ ঝুলে আছে। ২০১৩ সালের অক্টোবরে যখন প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তখন প্রথম শ্রেণির ১০টি পদে ১০৭ জনকে নিয়োগের কথা বলা হয়েছিল। এরপর লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে। মৌখিক পরীক্ষা হয়ে গেছে দুই কিস্তিতে। এর মধ্যে সাতটি পদে ৩৮ জনের নিয়োগপ্রক্রিয়া ২০১৫ সালেই সম্পন্ন হয়ে গেছে। আটকে গেছে বাকিদের নিয়োগ।
একাধিক নিয়োগ প্রার্থী অভিযোগ করেছেন, তালিকায় পছন্দের প্রার্থীদের নাম না থাকায় এভাবে নিয়োগ পরীক্ষার ফল ঝুলিয়ে রাখা হচ্ছে।
নাম না প্রকাশের শর্তে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী একজন প্রার্থী বলেন, ‘আর কত অপেক্ষা করব? চার বছর চলে গেল। একই সঙ্গে পরীক্ষা দিয়ে অনেকে দুই বছর আগে নিয়োগ পেয়ে গেল। এটা কেমন বৈষম্য।’
খোঁজ নিয়ে জানা যায়, সহকারী ব্যবস্থাপক (উৎপাদন), সহকারী ব্যবস্থাপক (বীজ পরিদর্শন) এবং সহকারী ব্যবস্থাপক (জেনারেল) পদে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০১৫ সালের সেপ্টেম্বরে। কিন্তু সেই পরীক্ষার ফল এখন পর্যন্ত প্রকাশ করেনি সংস্থাটি।
নিয়োগপ্রার্থী একাধিক প্রার্থী বলেন, ফল প্রকাশের অনুরোধ জানিয়ে একাধিকবার করপোরেশনে চিঠি ও স্মারকলিপি দেওয়া হয়েছে। করপোরেশন দ্রুত ফল প্রকাশের আশ্বাস দিয়ে চার বছর পার করে দিয়েছে।
চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেনপ্রথম আলোকে বলেন, ‘পছন্দের প্রার্থী না থাকায় নিয়োগ দেওয়া হচ্ছে না, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এ নিয়োগ চূড়ান্ত হয়ে আছে। খুব শিগগির নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’
খাদ্য ও চিনি শিল্প করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আর্থিক ভিত্তি দুর্বল হওয়ায় করপোরেশন নতুন নিয়োগের ক্ষেত্রে ধীরে চলো নীতি নিয়েছে। ওই বিজ্ঞপ্তির প্রথম সাতটি পদ ছিল কারিগরি। তাই সেগুলোর নিয়োগ দ্রুত হয়েছে। আটকে আছে সাধারণ ক্যাডারগুলোর নিয়োগ।
১৫টি চিনি কল ও একটি ডিস্টিলারি কারখানা পরিচালনাকারী সরকারি এ সংস্থাটির প্রায় সব প্রতিষ্ঠানই লোকসানি। গত তিন অর্থবছরে সংস্থাটি লোকসান দিয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা।
সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন বলেন, করপোরেশনের আর্থিক সংকট চলছে। বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে। তবে প্রয়োজন রয়েছে বলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এই প্রার্থীদের নিয়োগ হবে।