এক যুগ ধরে ঝুলে আছে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক এক করে দুই সরকার চলে গেল, অনেকবার ভিডিও করে লিয়ে গেল, কিন্তু ব্রিজ হলো না। ঠিকাদার কিছুদিন কাম করে, আবার বন্ধ রাখে। এক যুগ ধরি ব্রিজ হলো না। এখন কষ্ট করেই নদী পার হতে হয়।’ আক্ষেপের সুরে কথাগুলো বলছিলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বাজিতপুর গ্রামের কৃষক আফজাল হোসেন (৬৫)।বগুড়ার সোনাতলা উপজেলার সঙ্গে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী সড়কে বাঙ্গালী নদীর ওপর একটি সেতুর নির্মাণকাজ ১২ বছরেও শেষ না হওয়ায় তিনি এ কথা বলেন।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) গাইবান্ধা সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সড়কের মেলান্দহ ঘাটে বাঙ্গালী নদীর ওপর ২২২ দশমিক ৫০ মিটার দীর্ঘ সেতু নির্মাণের ব্যয় ধরা হয় আট কোটি ৮২ লাখ টাকা। ১৯৯৯ সালের ৪ জুন এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। এরপর ঠিকাদার সেতুর নির্মাণকাজ শুরু করে কিছুদিন পরই বন্ধ করে দেন। দীর্ঘদিন কাজ না করায় এর দরপত্র বাতিল করা হয়।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সেতুর নির্মাণকাজ শুরু করতে ফের দরপত্র আহ্বান করা হয়। এবার প্রায় নয় কোটি টাকা ব্যয় ধরে ২০১০ সালের ২৭ মার্চ সেতুটির নির্মাণকাজ শুরু হয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, সেতুটির নির্মাণকাজ চলছে ধীরগতিতে। কাজ শেষ করতে তিন বছর সময় বেঁধে দেওয়া হয়েছে। এক বছরের বেশি সময় পার হলেও তেমন কাজ হয়নি।সরেজমিনে দেখা গেছে, মেলান্দহঘাট দিয়ে ১২টি গ্রামের হাজারো মানুষ যাতায়াত করে। চরম দুর্ভোগের মধ্যে তাদের যাতায়াত করতে হয়। বাইগুনি গ্রামের ভটভটিচালক বজলুর রহমান বলেন, ‘আমাদের যাতায়াতের মাধ্যম খেয়া নৌকা। নদী পার হতে খুব সমস্যায় পড়তে হয়। বিশেষ করে রাতে খেয়া পার হতে হলে সমস্যায় পড়তে হয়।’বাজিতনগর গ্রামের বৃদ্ধ ছলিম উদ্দিন বলেন, ‘এই ঘাট দিয়ে প্রতিদিন বাজিতনগর, শিমুলবাড়ী, কামারপাড়া, দইচড়া, চরপাড়া, জুমারবাড়ী, ফুলবাড়ী, শ্যামলবাড়ী, বসন্তপাড়া ও মেসট গ্রামের হাজার হাজার লোক যাতায়াত করে। বন্যার সময় নৌকার অভাবে সোনাতলা যাওয়া কঠিন হয়ে পড়ে। তখন দুই-তিন ঘণ্টা বসে থেকেও নৌকা না পেয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। ১২ বছর ধরে দেখছি, সেতুটির নির্মাণকাজ হচ্ছে।’ঠিকাদারের প্রতিনিধি রতন মিয়া বলেন, বর্ষার কারণে কাজ আপাতত বন্ধ রয়েছে। ঈদের পর থেকে কাজ শুরু হবে। সেতুর কাজ দেখাশোনার দায়িত্বে নিয়োজিত সওজ গাইবান্ধার কর্মকর্তা আজমল হোসেন বলেন, বর্ষার কারণে ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। অচিরেই কাজ শুরু হবে। এই কাজ শেষ করতে আরও দুই বছর লাগবে।