এক যুগ ধরে বিদ্যালয়টি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পশ্চিম রাজাপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি চালুর পর এক যুগ ধরে বন্ধ রয়েছে। এতে এলাকার শিশু শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এক কিলোমিটার দূরের বিদ্যালয়ে যেতে হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক শিশু বিদ্যালয়ে যাওয়াই বন্ধ করে দিয়েছে। বিদ্যালয়ের জমিদাতা বহরা ইউনিয়নের কৃষক আবদুস ছাত্তার। তিনি বলছিলেন নিজের কষ্টের কথা, ‘এলাহার পুলাপাইনের পড়ালেহা শিহার লাইগা খেতটা (জমিটা) দান করছিলাম। সরখার খেতটাতে একখান পাক্কা স্কুলঘরও বানাইয়া দিছে। সুন্দর মতোই স্কুলটা চলছিল। কিন্তু চালকরার (পরিচালনাকারীদের) কারণে আইজগা স্কুলটা বন্ধ হইয়া গেছে।’ তিনি জানান, স্কুলের চেয়ার, টেবিল, বেঞ্চ ও আলমারিগুলো যে যেভাবে পেরেছে লুটে নিয়েছে। স্কুলঘরটা ঠিকই আছে, কিন্তু সেখানে ছেলেমেয়েদের জায়গায় এখন গরু-ছাগল চরতে দেখা যায়।এলাকাবাসী জানান, ১৯৯৫ সালে বিদ্যালয়টি চালু হয়। শিক্ষকের সংকটসহ নানা সমস্যায় ২০০০ সালে এটি বন্ধ হয়ে যায়। এর পর থেকে পরিচালনা কমিটির সদস্যরা বা সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয় বিদ্যালয়টি চালুর কোনো উদ্যোগ নেয়নি। ইউনিয়নের পশ্চিম রাজাপুর, এনায়েতপুর ও আলাদাউদপুর গ্রামের শিশুদের প্রাথমিক শিক্ষার সুবিধার্থে ওই বিদ্যালয় স্থাপিত হয়েছিল। অভিভাবকদের অভিযোগ, এই তিন গ্রামের এক কিলোমিটারের মধ্যে কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এতে এসব গ্রামের ছেলেমেয়েদের এক থেকে দেড় কিলোমিটার দূরের একটি সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে হয়। বিদ্যালয়ে যাওয়ার সড়কে অবাধে গাড়ি চলাচল করায় দুর্ঘটনার আশঙ্কায় অনেক অভিভাবক তাঁদের ছেলেমেয়েদের স্কুলে ভর্তি করেন না।সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, ছয় থেকে নয় বছর বয়সী কয়েকটি শিশু রাস্তায় খেলাধুলায় মগ্ন। তোমরা স্কুলে যাও না কেন, জানতে চাইলে তাদের সবার জবাব, ‘স্কুল বন্ধ’। স্কুলটিতে গিয়ে দেখা গেল, এক গৃহবধূ একটি কক্ষে খড় সাজাচ্ছেন। আরেক কক্ষ ময়লা-আবর্জনায় ভরা। অপর দুটি কক্ষ তালাবদ্ধ। স্কুলে নেই কোনো আসবাবপত্র। আবদুস ছাত্তার অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ফজলুর রহমান। আর দেখাশোনার দায়িত্বে ছিলেন এলাকার বাসিন্দা ও শিক্ষক অহিদ হোসেন এবং ফিরোজ মিয়া। এই দুজনের কারণেই শিক্ষকেরা চাকরি ছেড়েছেন। আসবাবপত্রগুলোও তাঁরা দুজনে নিয়ে গেছেন। বেঞ্চগুলো এখন অহিদ হোসেন পরিচালিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে।অহিদ হোসেন ও ফিরোজ মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষকেরা চাকরি ছেড়ে দেওয়ার কারণেই বিদ্যালয়টি বন্ধ হয়ে গেছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার বলেন, বিদ্যালয়টি চালু করার জন্য কেউ এগিয়ে না আসায় এটি চালুর উদ্যোগ নেওয়া যাচ্ছে না।