রাজশাহীর বাঘা পৌর এলাকায় বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করার জন্য এক যুগ আগে মাটির নিচে পাইপলাইন বসানো হয়েছিল। বসেছিল পাম্পও। নিয়োগ দেওয়া হয়েছিল পাম্প অপারেটর। কিন্তু এক যুগে পৌরবাসী পাইপের মাধ্যমে এক ফোঁটা পানিও পায়নি।
সে সময় প্রকল্পটি বাস্তবায়ন করেছিলেন পৌরসভার প্রথম চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। বর্তমান মেয়র আক্কাস আলী এখন বলছেন, আগের চেয়ারম্যান কোন ঠিকাদার দিয়ে মাটির নিচের পাইপ বসিয়েছিলেন, সেটা তাঁর জানা নেই। তবে আগের পাইপের কোনো কার্যকারিতা নেই। এ জন্য তিনি নতুন করে প্রকল্প হাতে নিয়েছেন। সারা দেশে ৩০টি পৌরসভায় এই প্রকল্পের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা হবে। বাঘা পৌরসভা তার একটি। এ ক্ষেত্রে প্রকল্পটি ৬০ থেকে ২০০ কোটি টাকার হতে পারে।
বাঘা পৌরসভা সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ২৪ জুন বাঘা পৌরসভা প্রতিষ্ঠার পর ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান (তখন চেয়ারম্যান বলা হতো) নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রার্থী আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক তাঁর মেয়াদকালে ৭২ লাখ টাকা ব্যয়ে পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করেন। এই প্রকল্পের অধীনে মাটির নিচে পাইপ বসানো হয়। পৌর কার্যালয় চত্বরে পাম্প বসানো হয়। পাম্প চালানোর জন্য একজন অপারেটর নিয়োগ দেওয়া হয়।
এরই মধ্যে ২০০৬ সালের ২৬ জুন অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আক্কাছ আলীর কাছে প্রথম চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পরাজিত হন। পৌর এলাকার সীমানা-সংক্রান্ত আইনি জটিলতার কারণে এত দিন বাঘা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। এবারও বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন বাঘা পৌরসভার সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক। আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী।
শুরু হয়ে গেছে নির্বাচনী গণসংযোগ। কথায় কথায় উঠে আসছে আব্দুর রাজ্জাকের সময়ের ৭২ লাখ টাকার পাইপলাইন বসানোর কথা। জানতে চাইলে আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, তাঁর মনে আছে, বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করার জন্য ৭২ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করেছিলেন। পানি তুলে পরীক্ষাও করা হয়েছিল। তারপর বর্তমান মেয়র আক্কাছ আলী দায়িত্ব নেন। এদিকে প্রায় এক যুগ হয়ে গেছে। সেই পাম্পও চলে না। মানুষ পানিও পায় না।
নাম প্রকাশ না করার শর্তে বাঘা নতুনপাড়া এলাকার একজন বাসিন্দা বলেন, পাইপলাইন বসানো হয়েছিল। পানি তুলে পরীক্ষাও করা হয়েছিল। তারপর কিছুই হয়নি। তবে বাঘা পৌর এলাকায় নলকূপেই প্রয়োজনীয় পানি পাওয়া যায়। এ জন্য পাইপলাইন করার ব্যাপারে এলাকাবাসীর আগ্রহ কম। এমন যদি হতো নলকূপে পানি পাওয়া যাচ্ছে না, তাহলে হয়তো ট্যাপের পানির জন্য এত দিনে তাঁরা আন্দোলনে যেতেন। আসল কথা হচ্ছে, সামনে নির্বাচন, তাই ভোটের প্রশ্নে এক যুগ পরে কথাটা উঠছে।
জানতে চাইলে বাঘা পৌরসভার প্রকৌশলী শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি ওই সময় ছিলেন না। তারপর এসে জেনেছেন, পাইপ বসানোর পরও বাড়ি পর্যন্ত পানি পৌঁছানোর জন্য অনেক কাজ বাকি ছিল। তার জন্য আরও টাকার প্রয়োজন ছিল। এই টাকা আর পাওয়া যায়নি। সে জন্য এই প্রকল্পের সুফল পাওয়া যায়নি। তবে অতি সম্প্রতি সারা দেশের ৩০টি পৌরসভার সঙ্গে বাঘা পৌরসভা নতুন একটি প্রকল্প পাচ্ছে। ৬০ কোটি টাকার বেশি বরাদ্দের এই প্রকল্পের দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ করা যাবে।