এক যুগ ধরে সেতুর এক পাশ নেই
সেতুর এক পাশ এক যুগ ধরে ভেঙে পড়ে আছে। আরেক পাশ দিয়ে পথচারীরা চলাচল করে। ভাঙা জায়গাটি দূর থেকে বোঝা যায় না। পথচারীরা প্রায়ই পড়ে গিয়ে আহত হয়। দীর্ঘ এই সময়ে কয়েক শ পথচারী দুর্ঘটনার শিকার হয়েছে। তার পরও সেতুটি মেরামতের কোনো উদ্যোগ নেই।ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোপালপুর-বুড়ামারা সড়কের জিকে খালের ওপর ৪০ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সেতুটি নির্মাণ করে। বুড়ামারা গ্রামের আলমগীর হোসেন জানান, উপজেলার বাগুটিয়া বাজার থেকে বের হয়ে ফাদিলপুর বাজার পর্যন্ত এই সড়কের সংযোগ। সড়কটি গোপালপুর মোড় থেকে সোজা বুড়ামারা মোড় হয়ে ফাদিলপুর বাজারে গিয়ে মিশেছে। যে কারণে সড়কটিকে গোপালপুর-বুড়ামারা সড়ক বলা হয়। তিনি জানান, এটি ব্যস্ত একটি সড়ক। অথচ আজও এটি পাকা করা হয়নি। এই সড়ক দিয়ে পার্শ্ববর্তী বুড়ামারা, হাবাসপুর, বাগুটিয়া, গোপালপুর, বাহিররয়েড়া, শেখরা, আশুরহাট, মনোহরপুর, পিড়াগাতি, ভবানীপুর, নিত্যানন্দপুর গ্রামের লোকজন চলাচল করে। সড়কটি পাকা না হওয়ায় বাস-ট্রাক চলাচল করে না। তবে নছিমন-করিমন, ভ্যান-রিকশা ও গরুর গাড়ি চলে। সেতুটি ভেঙে যাওয়ায় এখন সেগুলোও চলে না। এসব যানবাহন দুই কিলোমিটার ঘুরে বাগুটিয়া গ্রামের মধ্য দিয়ে চলাচল করে। আকুল শেখের বাড়ি সেতুটির পাশেই। তিনি জানান, প্রায়ই দুর্ঘটনাকবলিতদের এসে তুলতে হয়। সেতুটি মেরামতের জন্য বেশ কয়েকবার তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছেন। আগের চেয়ারম্যান সমস্যার কোনো সমাধান করেননি।নিত্যানন্দপুর ইউপির চেয়ারম্যান মফিজুর রহমান জানান, রাস্তাটি এলজিইডির। ভাঙা সেতু ঠিক করার জন্য স্থানীয় প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। কিন্তু তাঁরা ঠিক করেননি। এমনকি তিনি চেয়েছেন রাস্তাটি পাকা করা হোক। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) শৈলকুপা উপজেলা প্রকৌশলী অমীয় মৈত্রী জানান, রাস্তাটি তাঁদের আওতাভুক্ত হলেও সেতুটি নির্মাণ করেছিল পাউবো। এ জাতীয় অনেক সেতু রয়েছে যা ভেঙে গেছে। পাউবো কর্তৃপক্ষ সেগুলো মেরামত না করায় তাঁরা করছেন। এই সেতুটিও দ্রুত মেরামত করে দেওয়া হবে বলে জানান তিনি।