এক যুগ ধরে ‘কমিউনিটি সেন্টারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই পৌরসভা গঠিত হয়েছে প্রায় এক যুগ আগে। তখন থেকে ভাড়া করা একটি কমিউনিটি সেন্টারে চলছে পৌরসভার কার্যক্রম। তেমন কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ পৌরবাসীর।পৌরসভা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ১৩ জুলাই সাড়ে ছয় বর্গ কিলোমিটার আয়তন নিয়ে দিরাই পৌরসভা গঠিত হয়। পৌর এলাকার ভেতরে গ্রামই বেশি। এসব গ্রামে এখনো রাস্তাঘাট হয়নি। জ্বলেনি বিদ্যুতের বাতি। পৌরসভায় বর্তমানে লোকসংখ্যা প্রায় ৩০ হাজার, ভোটার ১৬ হাজার ৫৪৬। ২০০২ সালে প্রথম নির্বাচনে আহমদ মিয়া চেয়ারম্যান (বর্তমানে মেয়র) নির্বাচিত হন। এবার তিনি প্রার্থী হননি।পৌরসভার বিগত এক যুগের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে ভরারগাঁও এলাকার আবদুল হামিদ ভুঁইয়া বলেন, ‘আমরাত খামাখা পৌরসভায় আছি। এক ইঞ্চি রাস্তা-ঘাট পাকা হয়নি। বিদ্যুৎ নাই। ইটা কি-জাত পৌরসভা।’ একই এলাকার আজিজ উদ্দিন (৬০) বলেন, ‘এখানো বর্ষায় বাড়িতে যাওয়া-আসা করতে হলে সাঁকো লাগে। এই অবস্থা শুধু ভরারগাঁওয়ে না, পৌরসভার আরও অনেক গ্রামে আছে।’ মেয়র আহমদ মিয়া জানান, জায়গার সমস্যার কারণে নিজস্ব ভবন করা যায়নি। এখন নতুনভাবে জায়গা নির্ধারণ করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘উন্নয়ন হয়নি, এ কথা ঠিক নয়। রাস্তা-ঘাট তো ভাঙবেই, আবার কাজও হবে। উন্নয়নের একটি পরিকল্পনা তৈরি আছে। যাঁরা নতুন আসবেন, তাঁরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করলেই চলবে।’