এক যুগ পর কাজ শুরু তাও ঢিমেতালে
এক যুগ পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদরের খেয়াঘাট এলাকায় অসমাপ্ত ঘাঘট সেতুর ছাদ নির্মাণ শুরু হলেও তা ঢিমেতেতালে চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। দুই বছরের মধ্যে সংযোগ সড়কসহ ছাদ নির্মাণ শেষ হওয়ার কথা থাকলেও এক বছর নয় মাসে মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, সেতুর পশ্চিম তীরে খেয়াঘাট এলাকার স্কুলশিক্ষক ফারুক হোসেনের বাড়ির সামনে কিছু পাথর, বালু ও রড পড়ে আছে। নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নেই। ফারুক হোসেন আক্ষেপ করে বলেন, দীর্ঘদিন আন্দোলনের ফলে সেতুর চারটি স্প্যান হয়েছে। তারপর ছাদ নির্মাণ না করায় এক যুগ দুর্ভোগ পোহাতে হলো। কাজ শুরু হওয়ায় বুক ভরে গিয়েছিল। কিন্তু দুদিন কাজ করলে ১০ দিনই বন্ধ থাকে। এভাবে চললে এর কাজ শেষ হতে আরও এক যুগ লাগবে। বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম বলেন, সেতুটি হলে সড়কপথে উপজেলা শহরের সঙ্গে সুন্দরগঞ্জ ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষের যোগাযোগ সহজ হবে। কিন্তু সেতুর অভাবে তাদের এখন ২৫ কিলোমিটার ঘুরে সাদুল্যাপুর শহরের সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ শিল্পী লিমিটেডের প্রকৌশলী বোরহান উদ্দিন বলেন, প্রয়োজনীয় পাথর না পাওয়ায় কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে।সওজ সূত্র জানায়, ১৯৯৯ সালে সাদুল্যাপুর-লক্ষ্মীপুর-সুন্দরগঞ্জ সড়কের খেয়াঘাট এলাকায় এক কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ঘাঘট নদের ওপর এ সেতুর নির্মাণকাজ শুরু হয়। বরাদ্দ করা টাকা দিয়ে ৯৯ দশমিক ১০ মিটার দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের চারটি স্প্যান নির্মিত হয়। প্রথমে ইস্পাতের সেতু হিসেবে এটি নির্মিত হওয়ার কথা থাকলেও পরে নকশা পরিবর্তন করে ছাদ ঢালাইয়ের সিদ্ধান্ত হয়। এরপর বরাদ্দ না পাওয়ায় ছাদের নির্মাণকাজ থেমে যায়। স্থানীয় জনগণের দাবির মুখে দীর্ঘ এক যুগ পর গত বছরের জানুয়ারি মাসে সেতুর গার্টার ও ছাদের নির্মাণকাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় চার কোটি টাকা। দুই বছরের মধ্যে সেতুর সংযোগ সড়কসহ ছাদ নির্মাণের কথা। কিন্তু গত এক বছর নয় মাসে মাত্র ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী এম এম সেলিম কর্তৃপক্ষের উদাসীনতার কথা অস্বীকার করে প্রথম আলোকে বলেন, প্রয়োজনীয় পাথর না পাওয়া ও জমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার কারণে কাজ শেষ করতে বিলম্ব হচ্ছে। তার পরও কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেওয়া হচ্ছে।