প্রায় এক যুগ পর নাটোরের লালপুর উপজেলা বিএনপিতে সাবেক মন্ত্রী ফজলুর রহমান ও মনজুরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।গত শনিবার গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রাজ্জাক উভয় পক্ষের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করতে মতবিনিময় সভা করেন। নাটোর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালপুর পৌর মেয়র মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আবদুর রাজ্জাক। এতে বক্তব্য দেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক রণজিৎ কুমার সরকার, আলাউদ্দিন মোল্লা, ওয়াহেদুজ্জামান সরকার, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান, এলাহী বক্স প্রমুখ।সভায় আবদুর রাজ্জাক বলেন, আজ থেকে সবাইকে সঙ্গে নিয়ে লালপুর-বাগাতিপাড়া বিএনপির নতুন যাত্রা শুরু হলো। তিনি জানান, প্রায় ১২ বছর আগে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমানের সঙ্গে মনজুরুল ইসলামের দ্বন্দ্বের কারণে লালপুরে বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।