সিলেট সিটি করপোরেশন গঠনের এক যুগ পর করপোরেশনের সরবরাহ করা পানি পাচ্ছেন দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ডের বাসিন্দারা। গতকাল মঙ্গলবার দক্ষিণ সুরমার কদমতলীর মুক্তিযোদ্ধা চত্বরসংলগ্ন দরিয়াহ শাহ (রহ.) মাজার রোডে পানির লাইন স্থাপনকাজের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
মেয়র সাংবাদিকদের বলেন, এক যুগ আগে দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত হয়। কিন্তু নাগরিক সুবিধার প্রসার ঘটেনি। পানির লাইন সম্প্রসারণের মধ্য দিয়ে দীর্ঘদিনের বঞ্চনা ঘোচানোর চেষ্টা শুরু হলো।
মেয়র জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরে পানির লাইন স্থাপনের কাজ শেষ হবে এবং জানুয়ারি মাস থেকে ওই তিনটি ওয়ার্ডের বাসায় বাসায় পানি সরবরাহ করা হবে।
জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হানিফ জানান, তিনটি ওয়ার্ডে ৩৬ কিলোমিটার পানির লাইন স্থাপন করা হবে। সিলেট-বরিশাল মহানগরে পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ও নর্দমা নির্মাণ প্রকল্পের আওতায় এ কাজ হবে। প্রকল্পে সিটি করপোরেশনসহ সিলেট অঞ্চলে পর্যায়ক্রমে ব্যয় হচ্ছে ১৩২ কোটি টাকা। দক্ষিণ সুরমার তিনটি ওয়ার্ডের এই কাজে ব্যয় হবে ১৮ কোটি টাকা।