এক যুগ পর ফুল দিতে পারবে শিক্ষার্থীরা
এক যুগ পর এবার ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জয়পুরহাটের আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত আক্কেলপুর ফজরউদ্দিন (এফইউ) উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারটি এক যুগ আগে ভেঙে পড়ে। তখন থেকে বিদ্যালয়ে কোনো শহীদ মিনার ছিল না। সূত্র জানায়, প্রায় চার বছর আগে পৌর কর্তৃপক্ষ বিদ্যালয় মাঠে একটি শহীদ মিনারের নির্মাণকাজ শুরু করে। কিন্তু নির্মাণকাজ অসমাপ্ত রেখে ঠিকাদার কাজ বন্ধ করে দেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এম কেরামত আলী জানান, এরপর বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ ও উন্নয়নের জন্য ব্যবসায়ী ও জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিরাজুল ইসলামের কাছে তাঁরা আর্থিক সহায়তা চান। তিনি এ জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। তাঁর আর্থিক সহায়তায় এই শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। প্রধান শিক্ষক আবদুস ছালাম মণ্ডল বলেন, শহীদ মিনার নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে।