এক যুগ পর বিএনপির ঐক্য আওয়ামী লীগে ভিন্ন চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদের নির্বাচন সামনে রেখে এক যুগ পর দুই ভাগে বিভক্ত উপজেলা বিএনপি গতকাল শনিবার ঐক্যবদ্ধ হয়ে একক প্রার্থীকে সমর্থন দিয়েছে। এদিকে উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব আবারও প্রকাশ্য রূপ নিয়েছে।
স্থানীয় বিএনপি জানায়, সোনারগাঁয়ের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী রেজাউল করিমের সঙ্গে ২০০৩ সালে দলের বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর ও সাধারণ সম্পাদক আজহারুল মান্নানের মতবিরোধ দেখা দেয়। এতে খন্দকার আবু জাফর ও আজহারুল মান্নান উপজেলা বিএনপির একটি অংশের এবং রেজাউল করিম অপর অংশের নেতৃত্ব দেন। ’৯১, ’৯৬ ও ২০০১ সালে পরপর তিনবার রেজাউল করিম সাংসদ নির্বাচিত হলেও দলীয় কোন্দলের কারণে ২০০৮ সালে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবদুল্লাহ আল কায়সারের কাছে বিপুল ভোটে পরাজিত হন।
২০০৩ সাল থেকে রেজাউল করিমের সঙ্গে খন্দকার আবু জাফর ও আজহারুল মান্নানের মুখ দেখাদেখি একেবারে বন্ধ ছিল। কিন্তু গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী আজহারুল মান্নান ছুটে যান রেজাউল করিমের বাসায়। পরে গতকাল বিকেলে কাঁচপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হকের বাসভবনে বিবদমান দুই পক্ষের নেতা-কর্মীদের যৌথ সভার আয়োজন করা হয়। সভায় আজহারুল মান্নানকে দলের প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়।
রেজাউল করিম বলেন, ‘দলের ঐক্যের জন্য আমরা একক প্রার্থী হিসেবে মান্নানকে সমর্থন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম ঘোষণা করা হবে।’
আজহারুল মান্নান বলেন, ‘আমি দলের একক প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছি। দল আমাকে মূল্যায়ন করেছে।’ খন্দকার আবু জাফর বলেন, ‘দলে ঐক্যের কোনো বিকল্প নেই। সভা থেকে আমরা ঐক্যবদ্ধভাবে মান্নানকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আওয়ামী লীগের নেতা-কর্মী ও দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে বিভক্ত আওয়ামী লীগের দুই নেতা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সারের চাচা মোশারফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান। তাঁরা দুজনই কেউ কাউকে ছাড় দিতে নারাজ। দীর্ঘদিন ধরে মোশারফ হোসেনের সঙ্গে সাবেক সাংসদ কায়সারের দ্বন্দ্ব থাকলেও গত বুধবার চাচা-ভাতিজা ঐক্যবদ্ধ হয়েছেন। মোশারফ হোসেনকে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করে গত শুক্রবার একসঙ্গে শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে দিয়েছেন।
মাহফুজুর রহমান তাঁর সমর্থক আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান। মাহফুজুর রহমান বলেন, ‘উপজেলা ও জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা-কর্মী আমার সঙ্গে আছেন। আশা করি দল আমাকে মূল্যায়ন করবে।’ মোশারফ হোসেন বলেন, ‘দলের সবুজ সংকেত পেয়েই আমি নির্বাচন করতে মাঠে নেমেছি।’