এক যুগ পর গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে। কাল শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষা। প্রথমবারের মতো অনুষ্ঠেয় পরীক্ষায় একটি আসনের বিপরীতে ৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৯ সালে একটি প্রকল্পের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকার এটি স্থগিত ও ২০০২ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু করে।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক আ স ম আবদুল হক জানান, তিনটি ইউনিটে পাঁচটি বিষয়ে ১৬০টি আসনের বিপরীতে সাত হাজার ৩৬৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ১০টি কোটা সংরক্ষিত রাখা হয়েছে। বিষয়গুলো হলো ‘এ’ ইউনিটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান অ্যান্ড ইলেকট্রনিকস, গণিত; ‘বি’ ইউনিটে বাংলা ও ‘সি’ ইউনিটে ব্যবস্থাপনা বিভাগ। প্রতিটি বিষয়ে সাধারণ কোটায় ৩০ জন করে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।