এক যুগ পর মায়ের কোলে মিলটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা দোষে ভারতের কারাগারে এক যুগ কেটেছে বাংলাদেশি এক তরুণের। ভারতের এক জঙ্গি সংগঠনের নেতার নামের সঙ্গে মিল থাকায় এত বছর তাঁকে আটক রাখা হয়েছিল। অবশেষে নির্দোষ প্রমাণিত হওয়ায় ৭ জুলাই মুক্তি মেলে তাঁর। ওই দিন দুপুরে লালমনিরহাটের বুড়িমারী তল্লাশিচৌকি দিয়ে বাংলাদেশের পুলিশের কাছে তাঁকে হস্তান্তর করা হয়।হতভাগ্য এই তরুণের নাম আশিক ইকবাল ওরফে মিলটন (৩০)। তিনি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বড় ছেলে। জানা গেছে, ২০০০ সালে ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন মিলটন। ওই বছরের ১১ ডিসেম্বর রাতে যাত্রা দেখার জন্য বন্ধুদের সঙ্গে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জে যান তিনি। ভোরে বাড়ি ফেরার পথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মিলটনসহ ৩১ জনকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর ৬১ দিন সাজা হয়। সাজা শেষ হওয়ার পর ২০০১ সালে ২৭ ডিসেম্বর বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য তাঁকে গাড়িতে তোলা হয়। কিন্তু মেখলিগঞ্জ থানার পুলিশ তাঁকে আবার গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।মিলটনের পরিবারের সদস্যরা জানান, ছেলের শোকে ২০০৬ সালের ২৭ জানুয়ারি আবুল হোসেন মারা যান। স্বামীকে হারিয়ে মাজেদা বেগম শোকে বারবার মূর্ছা যেতে থাকেন। ওই সময় তিনি সামনে যাঁকে পেতেন, তাঁর হাত ধরে তাঁর ছেলেকে এনে দিতে বলতেন। গত বছরের ১৩ আগস্ট এই প্রতিবেদক খবর পেয়ে ভূরুঙ্গামারীতে মিলটনের বাড়িতে যান। এ সময় মাজেদা বেগম ছেলের ভারতের কারাগারে থাকার করুণ কাহিনি বর্ণনা করেন। এ বিষয়ে গত ১৫ আগস্ট প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর চোখে পড়লে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনজীবী সোহেল রানা জানান, গত ৩০ জুন ভারতের কোচবিহার জেলা জজ আদালতের আইনজীবী আবদুল জলিল আহম্মেদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই আদালতের বিচারক তাঁকে নির্দোষ ঘোষণা করেন। মহিলা আইনজীবী সমিতি জানায়, নব্বইয়ের দশকে ভারতের পশ্চিমবঙ্গজুড়ে একের পর এক সন্ত্রাসী কার্যক্রমে ভারতের পুলিশ প্রশাসন অতিষ্ঠ হয়ে ওঠে। কান্তাপুর লিবারেশন অর্গানাইজেশন নামে একটি জঙ্গি সংগঠন এই সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিল। এই সংগঠনের প্রথম সারির একজন নেতা ছিলেন মিহির দাস ওরফে মিলটন। তিনি পুলিশের খাতায় ফেরারি আসামি ছিলেন। ভারতীয় পুলিশ তাদের ব্যর্থতা ধামাচাপা দিতে বাংলাদেশি মিলটনকে সন্ত্রাসী মিলটন বানায়। পুলিশের প্রতিবেদনের ভিত্তিতে ১২ বছর ধরে মিলটনের বিচার-প্রক্রিয়া চলতে থাকে। মিলটনের মা মাজেদা বেগম ছেলেকে ফিরে পেয়ে বলেন, ‘১২টা বছর পর ছেলেকে বুকে পেলাম। কিন্তু ছেলের শোকে ওর বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। ছেলে হয়েও তাঁর কবরে মাটি দিতে পারেনি।’