এক যুগ পর রায়, নয়জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিক সাহা হত্যা মামলা
মানিক সাহা হত্যা মামলা

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক চন্দ্র সাহা হত্যাকাণ্ডের এক যুগ পর মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে ১১ আসামির ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে পুলিশ।
গতকাল বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদারের ঘোষিত রায়ে হত্যা মামলা থেকে দুই আসামি ওমর ফারুক ও মো. হাই ইসলাম খালাস পেয়েছেন। আর বিস্ফোরক মামলায় ১০ জনকে খালাস দেওয়া হয়েছে। মো. হাই বাদে অন্যরা সবাই বিস্ফোরক মামলার আসামিও ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সুমন, বুলবুল, আকরাম, আলী আকবর সিকদার, ছাত্তার, বেল্লাল, মিঠুন, শওকত হোসেন ও সরোয়ার হোসেন। ছাত্তার, বিল্লাল ও শওকত পলাতক রয়েছেন। বিচারক পলাতক এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু ও খালাস পাওয়া আসামিদের অবিলম্বে মুক্তির নির্দেশ দিয়েছেন।
খুলনা প্রেসক্লাবের মাত্র ৫০ গজ দূরে বোমা মেরে সাংবাদিক মানিক সাহাকে হত্যার দুই দিন পর ২০০৪ সালের ১৭ জানুয়ারি খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) রণজিৎ কুমার দাস বাদী হয়ে মামলা করেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা ও এই থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন ওই বছরের ২০ জুন হত্যা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আর ২০০৭ সালের ১৯ মার্চ বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা ও একই থানার এসআই আসাদুজ্জামান ফরাজী অভিযোগপত্র দেন।
দুই দফা তদন্ত শেষে (অধিকতর তদন্তসহ) ২০০৮ সালের ১২ ডিসেম্বর সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় মোট আসামি ছিলেন ১৩ জন। সম্পূরক অভিযোগপত্রে আরও একজনকে অভিযুক্ত করা হয়। তাঁদের মধ্যে বিভিন্ন সময় তিনজন ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
হত্যা মামলায় ৪৯ জন ও বিস্ফোরক মামলায় ১৩ জনের সাক্ষ্য নেন আদালত। গত সোমবার রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক গতকাল রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন। 

মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণার পর গতকাল খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ l ফোকাস বাংলা
মানিক চন্দ্র সাহা হত্যা মামলার রায় ঘোষণার পর গতকাল খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিদের কারাগারে নিয়ে যায় পুলিশ l ফোকাস বাংলা

মানিক সাহার পরিবার ও সাংবাদিকদের অসন্তোষ: রায়ের প্রতিক্রিয়ায় মানিক সাহার ভাই প্রদীপ সাহা প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় হলো। কিন্তু আমরা এ রায়ে সন্তুষ্ট নই। আমরা আশা করেছিলাম, আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে। তা ছাড়া এই হত্যাকাণ্ডের নেপথ্যে যাঁরা কাজ করেছেন, তাঁরা অভিযোগপত্র থেকে আগেই বাদ পড়েছেন।’প্রদীপ সাহা আরও বলেন, যেহেতু এই হত্যা মামলার বাদী রাষ্ট্র। তাই সরকারই সিদ্ধান্ত নেবে, রায়ের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেবে কি না।
রায়ে সন্তুষ্ট হতে পারেননি খুলনার সাংবাদিকেরাও। কালের কণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরোপ্রধান গৌরাঙ্গ নন্দী বলেন, তদন্ত কর্মকর্তাদের গাফিলতির কারণে আসামিদের সর্বোচ্চ সাজার রায় হয়নি।
জনকণ্ঠ পত্রিকার খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক অমল সাহা বলেন, মানিক সাহাকে হত্যার পেছনে ছিল দীর্ঘ পরিকল্পনা। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তারা ওই সব গডফাদারকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছেন।
সন্তোষ রাষ্ট্রপক্ষের: মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বলেন, ‘যে ধরনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘদিন পর এ রায় হয়েছে, তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। রায়ের কপি পাওয়ার পর যদি দেখা যায়, তাঁরা আরও কিছু পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’