এক যুগ পর সুদিনে ফেরা তাঁতে দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ দুঃসময় পার করার পর প্রায় ১৪ মাস আগে সুদিনে ফেরে তাঁতশিল্প। বছর খানেক ভালোই লাভের মুখ দেখছিলেন তাঁতিরা। কিন্তু তাঁদের কপালে সুখ স্থায়ী হয়নি। তাঁতশিল্পে আবারও বিপর্যয় দেখা দিয়েছে। ঈদ-পূজা এলেও এই বিপর্যয় কাটছে না। তাঁতিদের আশঙ্কা ঈদের পর বন্ধ হয়ে যাবে বেড়া ও সাঁথিয়া উপজেলার সব তাঁত। খোঁজ নিয়ে জানা যায়, তাঁতশিল্পে সমৃদ্ধ বেড়া ও সাঁথিয়া উপজেলায় বছর দশেক আগে অন্তত ২৫ হাজার তাঁত চালু ছিল। সুতাসহ বিভিন্ন তাঁতসামগ্রীর দাম লাগামহীনভাবে বাড়ায় চরম বিপর্যয়ে পড়ে তাঁতশিল্প। প্রায় ১০ বছর ধরে এ অবস্থা চলতে থাকায় গত বছরের জুনের মধ্যে বন্ধ হয়ে যায় দুই উপজেলার প্রায় ৮০ শতাংশ তাঁত। দেনার দায়ে অনেক তাঁতি কারখানার সব তাঁত, এমনকি তাঁতঘর পর্যন্ত পানির দরে বিক্রি করে পেশা পরিবর্তন করেন। অনেক এলাকায় তাঁতঘরগুলো পরিণত হয় মুরগির খামার অথবা অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে। গত বছরের জুলাই থেকে ঘুরে দাঁড়াতে থাকে তাঁতশিল্প। একপর্যায়ে ভালোই লাভ দেখেন তাঁতিরা। এতে একে একে চালু হয় বন্ধ হওয়া অনেক তাঁত। বছর খানেক এমন ভালো অবস্থা থাকার পর মাস দুয়েক আগে আবারও দুঃসময় দেখা দেয় তাঁতশিল্পে। সুতার দাম বেড়ে যাওয়ার পাশাপাশি উৎপাদিত শাড়ি-লুঙ্গির চাহিদা ও দাম কমায় এ অবস্থার সৃষ্টি হয়। গত দুই মাসে দিন দিন তাঁতিদের লোকসান বেড়েই চলেছে। তাঁতিরা ভেবেছিলেন ঈদ ও পূজা উপলক্ষে তাঁতশিল্প কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে। কিন্তু তা না হয়ে গত দুই মাসের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে খারাপ অবস্থা দেখা দিয়েছে এই শিল্পে। বর্তমানে উৎপাদিত শাড়ি-লুঙ্গিতে প্রচুর লোকসান দিতে হচ্ছে তাঁতিদের। বেড়া পৌর এলাকার হাতিগাড়া মহল্লার একটি তাঁত কারখানার মালিক গিয়াসউদ্দিন বলেন, ‘তাঁতে ভালো সময় ফিরে আসায় বন্ধ করে দেওয়া তাঁতগুলো একে একে চালু করি। এখন ২৫টি তাঁত চলছে আমার। কিন্তু আবারও তাঁতে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। এভাবে লোকসান দিয়ে তো তাঁত চালু রাখা যায় না। এ অবস্থা থাকলে ঈদের পর আবারও সব তাঁত বন্ধ করে দেব।’ একই মহল্লার শাহীন আলম মাস ছয়েক আগে চালু করেন তিনটি তাঁত। একটি তাঁতে তিনি নিজেই কাজ করেন। তিনি জানান, মাস তিনেক আগে বান্ডিলপ্রতি যে সুতার দাম এক হাজার ৯০০ টাকা ছিল এখন তার দাম দুই হাজার ২০০ টাকা। অথচ মাস তিনেক আগে যে লুঙ্গির দাম থানপ্রতি (চারটি) এক হাজার টাকা ছিল সেই লুঙ্গির দাম এখন সাড়ে ৮০০ টাকা। এ অবস্থায় প্রতি থানে ৪০ থেকে ৫০ টাকা লোকসান যাচ্ছে। এ অবস্থায় ইতিমধ্যেই অনেক তাঁতি তাঁত বন্ধ করে দিয়েছেন। সরেজমিনে উত্তরাঞ্চলের অন্যতম কাপড়ের হাট সিরাজগঞ্জের শাহাজাদপুর ও পাবনার আতাইকুলায় গিয়ে দেখা গেছে, হাটে লোক সমাগম স্বাভাবিকের চেয়ে কম। বেড়ার পাইকারি কাপড় বিক্রেতা আক্তারুজ্জামান বলেন, ঈদ ও পূজার সামনে ক্রেতাদের ভিড়ে হাট সরগরম থাকার কথা। অথচ হাটে ক্রেতা নেই। আবার এই সময়ে শাড়ি-লুঙ্গির দাম বাড়ার কথা। অথচ দাম উল্টো কমেছে। হাটে বিক্রি ভালো না হওয়ায় প্রত্যেক কাপড় ব্যবসায়ীর গুদামে অবিক্রীত কাপড়ের পরিমাণ বেড়েই চলেছে।