রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর গ্রামের এক নারী দীর্ঘদিন ধরে জরায়ুর সমস্যায় ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসায় কাজ না হওয়ায় তাঁর ছেলে তাঁকে নিয়ে যান ঢাকার একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেন, তাঁকে অস্ত্রোপচার করাতে হবে। এ জন্য লাগবে এক লাখ টাকা।এত টাকা জোগাড়ে অক্ষম ছেলে এক আত্মীয়ের মাধ্যমে খোঁজ পেয়ে মাকে ভর্তি করান মানিকগঞ্জের গড়পাড়ার সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালে। মাত্র ছয় হাজার টাকা ব্যয়ে গত জানুয়ারিতে সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। এখন তিনি পুরোপুরি সুস্থ।গতকাল শুক্রবার তিনি তাঁর শাশুড়িকে ওই হাসপাতালে ভর্তি করান। শাশুড়িরও একই সমস্যা।জরায়ুসহ বিভিন্ন জটিল সমস্যা নিয়ে প্রায় প্রতিদিনই ওই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসছেন তাঁদের মতো অনেকেই। অল্প টাকায় উন্নত চিকিৎসাসেবা পেয়ে সুস্থ হয়ে তাঁরা ফিরছেন বাড়িতে।মানিকগঞ্জ শহর থেকে চার কিলোমিটার দূরে গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামে এই সাহেরা-হাসান মেমোরিয়াল হাসপাতালটির যাত্রা শুরু এক যুগেরও বেশি আগে। হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান অধ্যাপক রওশন আরা বেগম পৈতৃক ভিটায় পাঁচ বিঘা জমির ওপর মা-বাবার নামে গড়ে তোলেন হাসপাতালটি। গতকাল সেখানে চালু করা হয়েছে উন্নতমানের একটি অস্ত্রোপচার কক্ষ (ওটি)।হাসপাতাল সূত্র জানায়, ২৮০০ বর্গফুটের ওটিতে রয়েছে একসঙ্গে দুজন রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা। ওটি-সংলগ্ন ওয়ার্ডে রয়েছে ১২টি শয্যা। আর হাসপাতালের মূল ভবনে রয়েছে আরও ২০টি শয্যা। ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দিতে হাসপাতালটির জরুরি বিভাগে একজন নারী ও পুরুষ চিকিৎসক থাকেন।সূত্র আরও জানায়, এ পর্যন্ত এ হাসপাতালে অন্তত তিন হাজার রোগীর জরায়ুর জটিল অস্ত্রোপচার করা হয়েছে। অন্যান্য রোগের অস্ত্রোপচার করা হয়েছে আরও প্রায় দুই হাজার মানুষের। এ ছাড়া সেখানে অন্তত এক হাজার ৩০০ মায়ের সন্তান প্রসব করানো হয়েছে। প্রতিষ্ঠাতা রওশন আরা নিজেসহ ঢাকা থেকে হূদরোগ, স্ত্রীরোগ, চক্ষু, পোড়া, চর্মরোগ ও শিশুরোগবিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রতি শুক্রবার হাসপাতালটিতে এসে চিকিৎসাসেবা দিয়ে যান। রয়েছে শিশুদের উন্নত চিকিৎসাব্যবস্থাও।হাসপাতালের পরিচালক মীর মোহসিন আলী বলেন, গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কম খরচে উন্নত চিকিৎসাসেবা দেওয়াই তাঁদের লক্ষ্য। এ লক্ষ্যে গড়ে তোলা হয়েছে উন্নত প্যাথলজি বিভাগ এবং ওটি। পাশাপাশি রয়েছে বিভিন্ন উন্নত চিকিৎসা-সরঞ্জাম।প্রতিষ্ঠাতা রওশন আরা বলেন, ‘দরিদ্র ও অসহায় মানুষদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি মা ও বাবার স্মৃতি ধরে রাখতেই হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে। বাণিজ্য নয়, চিকিৎসা হচ্ছে সেবা—এ বিশ্বাস থেকেই আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’রওশন আরা জানান, দেশে প্রতিদিন গড়ে ১৮ জন নারী জরায়ুর ক্যানসারে মারা যাচ্ছেন। এ কারণে আপাতত স্ত্রীরোগের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। তবে স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে অন্যান্য বিভাগও সমৃদ্ধ করার পরিকল্পনা আছে।