এক যুগ পেরিয়ে গেল শেষ হয়নি নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় মধুমতী নদীর ওপর পাটগাতী সেতুর নির্মাণকাজ এক যুগেও শেষ হয়নি।২০০০ সালের ২৩ ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর কাজের উদ্বোধন করেন।টুঙ্গিপাড়া ও বাগেরহাটের চিতলমারী উপজেলার মাঝ দিয়ে বয়ে চলা মধুমতী নদীর ওপর ৩৯১ মিটার দীর্ঘ এই সেতুটির নির্মাণ দুই তীরের মানুষের প্রাণের দাবি। সেতুটি নির্মিত হলে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ সহজ হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৩ ডিসেম্বর উদ্বোধনের পর সেতুটির নির্মাণকাজ শুরু হলেও বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে এর নির্মাণকাজ বন্ধ করে দেয়। একপর্যায়ে প্রকল্পটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর আগের ঠিকাদারকে তাঁর বকেয়া বিল বুঝিয়ে দেওয়া হয়। এরপর ২০১০ সালের ৫ সেপ্টেম্বর সড়ক বিভাগ আরপি কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৯২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ের ওই সেতুটির কার্যাদেশ দেওয়া হয়। ২০১১ সালের শেষ দিকে খরচ বাঁচানোর জন্য নদীর মাঝখানের ১০০ মিটার বেইলি সেতু করার সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের ৫ মে কার্যাদেশের মেয়াদ শেষ হলে ঠিকাদারি প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে আরও ২০ মাস সময় দেওয়া হয়। সর্বশেষ গত ২৯ নভেম্বর যোগাযোগমন্ত্রী সেতুটি পরিদর্শনে এসে কাজের অগ্রগতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সেতুর উত্তর পাশে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলেন এবং আগামী জুনের মধ্যে কাজ শেষ করার তাগিদ দেন।টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শুকুর আহমেঞ্চদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামসহ আরও কয়েকজন নেতা অভিযোগ করেন, গত ১২ মে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে কয়েক দিন সেতুর কাজ করা হয়। মন্ত্রী চলে যাওয়ার পর আবার কাজ বন্ধ রাখা হয়। সর্বশেষ গত ২৯ নভেম্বর যোগাযোগমন্ত্রী আবারও সেতু এলাকা পরিদর্শন করার পরও একই অবস্থা। পাঁচ-সাতজন শ্রমিক সেতু এলাকায় রাখা হলেও তাঁরা কোনো কাজ করছেন না। সামান্য কিছু রড, বালু, সিমেন্ট ও অস্থায়ী স্থাপনা পাহারা দেওয়ার জন্য তাঁদের রাখা হয়েছে। এভাবে চললে আগামী জুনে সেতুর কাজ কোনোভাবেই শেষ হবে না। আর এই সরকারের মেয়াদে কাজ শেষ না হলে আবারও অনিশ্চিত হয়ে পড়বে সেতুটির নির্মাণকাজ।সেতু এলাকা ঘুরে দেখা গেছে, সেতুর উত্তরপ্রান্তে ঢালাই দেওয়া একটি গার্ডারের পার্টিশন খুলছেন পাঁচ-সাতজন শ্রমিক। এ প্রান্তে পাঁচটি গার্ডার ও কয়েকটি পিলার আগেই নির্মাণ করা হয়েছিল। নতুন করে কার্যাদেশ পাওয়া এই ঠিকাদারি প্রতিষ্ঠানটি যোগাযোগমন্ত্রী পরিদর্শনকালে একটি গার্ডার শুধু ঢালাই করে। জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মো. রুহুল আমিন দাবি করেন, ‘নির্মাণকাজ চলছে। প্রতিষ্ঠানের অন্য প্রকল্পে শ্রমিক-কর্মচারীরা রয়েছেন। সেখান থেকে এলেই কাজ শুরু হবে।’যোগাযোগ করা হলে গোপালগঞ্জ সড়ক বিভাগের ওই সেতুটির দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী বদরুজ্জামান বলেন, দুই সপ্তাহের মধ্যেই কাজ শুরু হবে। জুনে সেতুর উদ্বোধন হবে। এরই মধ্যে মাঝের অংশে যেখানে ১০০ মিটার বেইলি হবে, তার নকশা প্রণয়ন হয়েছে। চীনে এর নকশা প্রণয়নের কাজ চলছে।