এক যুগ পেরোলেও পূর্ণতা পায়নি ‘স্বাধীনতার স্মৃতিস্তম্ভ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ আগে মৌলভীবাজার পৌর এলাকার মনু সেতুর কাছে স্বাধীনতার স্মৃতিস্তম্ভ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে এখনো সেই স্মৃতিস্তম্ভটি পূর্ণতা পায়নি। মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতিস্তম্ভ পূর্ণ করা এবং স্থানটিতে ক্ষুদ্র পার্ক ও মুক্তমঞ্চ তৈরির দাবি জানিয়েছে।জেলা মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, প্রতিরোধ যুদ্ধ ও শহীদদের স্মৃতির স্মারক হিসেবে ১৯৯৮ সালে মনু সেতুর কাছে সড়ক ও জনপথ বিভাগের (সওজের) জায়গার ওপর ‘স্বাধীনতার স্মৃতিস্তম্ভ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেন্দ্রীয় সংসদের এক লাখ টাকার অনুদান নিয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করা হয়েছিল। এ সময় ব্যয় হয় এক লাখ ২৭ হাজার টাকা। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক সংকটে স্মৃতিস্তম্ভটির কাজ আর শেষ করা যায়নি। মুক্তিযোদ্ধা সংসদ জানিয়েছে, ১৯৭১ সালের ২৮ মার্চ মনু সেতু এলাকায় পাকিস্তান সেনাবাহিনীকে প্রতিরোধ করে এলাকাবাসী। এদিন তাদের গুলিতে লুন্দুর মিয়া নামে ১২ বছরের এক শিশু মারা যায়। সেনারা পাশের একটি ইটভাটার সাত শ্রমিককে হত্যা করে। এ ছাড়া মনু সেতুর কাছে সওজের ডাকবাংলোতে ছিল হানাদারবাহিনীর ক্যাম্প। এখানে লোকজনকে ধরে এনে নির্যাতন চালানো হতো। ১৩ মে (১৯৭১) সদর উপজেলার হিলালপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী হাজি মো. উস্তোওয়ার ও সিরাজুল ইসলামকে ধরে নিয়ে আসে হানাদাররা। এরপর দুষ্কৃতকারী ধরা হয়েছে বলে শহরে মাইকিং করে প্রকাশ্যে মনু সেতুর ওপর প্রদর্শনীর মাধ্যমে হত্যা করে। মনু নদীর পানিতে ভেসে যায় তাঁদের লাশ। মুক্তিযুদ্ধ চলার সময় জানা-অজানা অনেক লোককে ধরে এনে মনু সেতু ও সেতুর কাছে হত্যা করা হয়েছে।স্মৃতিস্তম্ভের উদ্যোক্তা ও মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শহীদদের স্মরণ ও নতুন প্রজন্ম যাতে শহরের মধ্যে একটি বধ্যভূমি সম্পর্কে জানতে পারে এ জন্য স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। আমাদের ইচ্ছা স্থানটি উন্মুক্ত রাখা ও মিনি পার্ক এবং একটি মুক্তমঞ্চ তৈরি করা। যাতে শহরের চৌমোহনা এলাকার ব্যস্ত জায়গায় সমাবেশ না করে কেউ চাইলে স্মৃতিস্তম্ভের মঞ্চে এসে সমাবেশ করতে পারে। জায়গাটি সওজের। তাই তাদের কাছে স্মৃতিস্তম্ভটির কাজ সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।’ তিনি জানান, গত ২৯ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির সভাতেও স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে আলোচনা হয়েছে। সভায় সওজকে কাজ করতে অনুরোধ করা হয়েছে। এদিকে গত ২৬ মার্চ অসম্পন্ন স্মৃতিস্তম্ভকে কাপড় দিয়ে ঢেকে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়েছে।জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদ স্মৃতিস্তম্ভের কাজ শুরু করেছিল। শেষ করতে পারেনি। আমরা জেলা পরিষদকে অনুরোধ করেছিলাম। কিন্তু মুক্তিযোদ্ধা সংসদ গত ২৯ মার্চের সভায় বলেছে সওজ কাজটি করে দেবে। আমরা তাদের কাজটি সম্পন্ন করার অনুরোধ করেছি। এখানে যেসব অবৈধ স্থাপনা ছিল। তা সরিয়ে দিয়েছি। বাকি যেগুলো আছে, সেটাও সরিয়ে দেওয়া হবে।’মৌলভীবাজার সওজের নির্বাহী প্রকৌশলী উৎপল সামন্ত বলেন, ‘মুক্তিযোদ্ধা সংসদ আমাদের সঙ্গে আলাপ করেছে। কিন্তু রাস্তা ছাড়া কিছু করার সামর্থ্য আমাদের নেই। তবু তারা কী করতে চাচ্ছে, সে পরিকল্পনাটা বললে এরপর কী করা যায়, দেখা যাবে।’