‘আশা ছিল পড়াশোনা করে আমার ছেলে চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। কিন্তু অষ্টম শ্রেণীতে পড়ার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে তার মৃত্যু হয়। আর কোনো মা-বাবাকে যেন এভাবে সন্তান হারাতে না হয়।’ কথাগুলো বলছিলেন ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে ১৮ এপ্রিল পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যুবরণকারী অষ্টম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন সৈকতের বাবা শিক্ষক সিরাজুল হক।শুধু আরাফাত নয়, পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষের অবহেলায় গত এক যুগে রাজাপুর উপজেলায় অর্ধশত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজাপুর নাগরিক কমিটির আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা। গত ২৯ এপ্রিল একই উপজেলার বাদুড়তলা গ্রামে ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এলাকাবাসী বারবার কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই তারে জড়িয়ে মৃত্যু হয় রেণু বেগম (৪৮) নামে এক গৃহবধূর। রেণু বেগমের স্বামী দিনমজুর মঈনুদ্দিন বলেন, ‘ঝড়ে তার ছিঁড়া পড়ার পর রাজাপুর পল্লী বিদ্যুৎ অফিসে খবর দিছি। কিন্তু হেরা আয়ও নায়, আর লাইনও বন্ধ করে নায়। ওই তারে জড়াইয়্যাই আমার স্ত্রী মারা গ্যাছে।’রাজাপুর পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্র জানায়, বর্তমানে রাজাপুর পল্লী বিদ্যুতের আওতায় ৪৪৮ দশমিক ৮৩ কিলোমিটার বিদ্যুতের লাইন রয়েছে। আর গ্রাহক সংখ্যা (মিটার) ১৪ হাজার ৬৫ জন। তাদের অভিযোগ, তদারকি ও লাইন দেখাশোনার জন্য মাত্র ১১ জন কর্মচারী রয়েছে। এর মধ্যে একজন প্রকৌশলী, বাকিরা লাইনম্যান। গ্রাহক মাঈনুল হোসেন বলেন, শুধু উপজেলা শহরের প্রাণকেন্দ্রেই প্রায় ৩০-৪০টি ভবনের দুই-তিন ফুট দূরত্বে পল্লী বিদ্যুতের সাড়ে ১১ হাজার ভোল্টেজের তার চলে গেছে। ভবনমালিকেরা নিয়মনীতি না মেনেই ভবন নির্মাণ করছেন। রাজাপুর উপজেলা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দায়িত্বে থাকা কনিষ্ঠ প্রকৌশলী আবু হাসান বলেন, ‘আমাদের দায়িত্বে আমরা অবহেলা করি না, তবে আমাদের জনবল কম।’ ভবন ঘেঁষে সাড়ে ১১ হাজার ভোল্টেজের লাইন যাওয়ার ব্যাপারে তিনি বলেন, এটি অত্যন্ত বিপজ্জনক। বিধি অনুসারে ভবনমালিকদের সতর্ক নোটিশ দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয়নি।ঝালকাঠি পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, খুঁটি ও লাইন থেকে ছয় ফুট দূরত্বে ভবন নির্মাণ করার নিয়ম থাকলেও ভবনমালিকেরা তা মানেন না।