এক যুগেও অসম্পূর্ণ ছেলেদের হলগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষিশিক্ষার মান বাড়ানোর জন্য ২০০১ সালে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটকে রূপান্তর করা হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের আবাসনের সুবিধার্থে এ পর্যন্ত ছেলেদের জন্য তিনটি এবং মেয়েদের জন্য দুটি আবাসিক হল তৈরি করা হয়েছে। ছেলেদের আবাসিক হলগুলো হলো শেরেবাংলা হল, কবি কাজী নজরুল ইসলাম হল ও নবাব সিরাজউদ্দৌলা হল। এই তিন হলে প্রায় দুই হাজার শিক্ষার্থী অবস্থান করছেন। কিন্তু এক যুগ পরও ছেলেদের হলগুলো অসম্পূর্ণ অবস্থায় রয়েছে।
নেই নিজস্ব পাঠাগার: এখন পর্যন্ত কোনো হলেই প্রতিষ্ঠা করা হয়নি নিজস্ব পাঠাগার। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের জন্য নিজস্ব পাঠাগার থাকলেও এখানে এখন পর্যন্ত পাঠাগার প্রতিষ্ঠার বিষয়ে কোনো উদ্যোগ নেই। হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, নিরিবিলি পরিবেশে পড়াশোনার জন্য একটি পাঠাগারের অভাব তাঁরা প্রচণ্ডভাবে অনুভব করেন। যদিও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগার রয়েছে।
গণকক্ষগুলো বেহাল: সরেজমিনে দেখা যায়, শেরেবাংলা হল ও নজরুল ইসলাম হল দুটির গণকক্ষগুলোর পরিবেশ শিক্ষার্থীদের থাকার অনুপযোগী। শেরেবাংলা হলের দুটি গণকক্ষে ৩৩ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা থাকলেও সেখানে আছেন প্রায় ৫০ জন। কক্ষগুলোতে নেই কোনো চেয়ার-টেবিলের ব্যবস্থা। শিক্ষার্থীরা তাঁদের বই, জামা, জুতো বিছানার ওপর ছড়িয়ে-ছিটিয়ে রাখতে বাধ্য হন।
অপর দিকে, নজরুল ইসলাম হলের মূল গণকক্ষে ১৬ জনের মতো থাকার ব্যবস্থা থাকলেও আছেন প্রায় ৩০ জন। রাতের বেলা কোনো রকমে ঘুমানো গেলেও পড়াশোনার পরিবেশ একেবারেই নেই। এই গণকক্ষগুলোর পাশেই হলের ক্যানটিন ও ডাইনিং। একজন শিক্ষার্থী বললেন, সারাক্ষণ কোলাহল ও খাবারের গন্ধে সেখানে টেকা দায়। হলগুলোর প্রতিটি ব্লকে আলাদা শৌচাগার, গোসলখানার ব্যবস্থা থাকলেও গণকক্ষের শিক্ষার্থীদের জন্য নেই কোনো ব্যবস্থা। এসব কাজের জন্য তাঁদের অন্য ব্লকে যেতে হয়।
শেরেবাংলা হলের একটি গণকক্ষের বাসিন্দা সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, ‘এত ছাত্র একসঙ্গে এত ছোট কক্ষে থাকায় কোলাহল এত বেশি হয় যে পড়াশোনা করা অসম্ভব হয়ে পড়ে। হলে পাঠাগার থাকলে অন্তত সেখানে পড়তে পারতাম।’
খাবারের নিম্নমান ও পানির সমস্যা: শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক হলগুলোর ডাইনিংয়ের খাবারের মান নিম্ন। একই রকম খাবার রোজ রান্না করা হয়, স্বাদে কোনো বৈচিত্র্য নেই। এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে ডাইনিং ব্যবস্থাপকের একাধিকবার বাদানুবাদের ঘটনাও ঘটেছে।
অন্যান্য হলের শিক্ষার্থীদের অনেকে মান কিছুটা উন্নত হওয়ায় রাতের খাবার নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যানটিনে সারেন। একজন শিক্ষার্থী জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রতি মাসে অন্তত একটি দিন উন্নতমানের খাবার (ফিস্ট) সরবরাহ করা হয়। কিন্তু তাঁদের হলগুলোতে বছরে কেবল দুই দিন (স্বাধীনতা দিবস ও বিজয় দিবস) উন্নত খাবার দেওয়া হয়। তিনি প্রতি মাসে একবার উন্নত খাবার দেওয়ার দাবি জানান। নজরুল ইসলাম হল এবং সিরাজউদ্দৌলা হলে পানির সমস্যাও রয়েছে।
দুুর্বল ওয়াই-ফাই ব্যবস্থা: হলগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে ওয়াই-ফাইয়ের মাধ্যমে ইন্টারনেটসেবার ব্যবস্থা করা হলেও তা ব্যবহার করতে গিয়ে নানা ধরনের কারিগরি সমস্যায় পড়েন শিক্ষার্থীরা।
হলগুলোর অব্যবস্থাপনা সম্পর্কে শেরেবাংলা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি বিশ্বাস প্রথম আলোকে জানান, ‘আমাদের হলে পাঠাগারের জন্য নির্ধারিত কোনো কক্ষ নেই। আমার জানামতে, অন্যান্য হলেও আলাদা করে কোনো পাঠাগারের ব্যবস্থা নেই। এটি অবশ্যই দুঃখজনক।’