এক যুগেও কাজ শেষ হয়নি
মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের বুরুতলা এলাকায় কালীছড়া খালের ওপর ২০০২ সালে একটি জলকপাট (স্লুইসগেট) নির্মাণের কাজ শুরু হয়। এখনো কাজ শেষ হয়নি। নির্মাণকাজ শেষ হবে কি না, তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আথানগিরি-শমশেরগঞ্জ সড়কের পূর্ব পাশে কালীছড়া খালের ওপর নির্মিত জলকপাটটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। এর কোনো কপাট লাগানো হয়নি। পাশ দিয়ে কালীছড়ার ক্ষীণ জলধারা বইছে। সড়কের পাশে ভিত্তিপ্রস্তরের লেখা অনেকটাই অস্পষ্ট হয়ে গেছে। তাতে লেখা রয়েছে: কালীছড়া ওয়াটার রিটেইনিং স্ট্রাকচার। ভিত্তিপ্রস্তর স্থাপনের তারিখ: ৬ মার্চ, ২০০২।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা যায়, কৃষি বিভাগের উত্তর-পূর্ব ক্ষুদ্র সেচ প্রকল্পের আওতায় ২০০২ সালে জলকপাটটির নির্মাণকাজ শুরু হয়।
কাগাবলা ইউনিয়নের বুরুতলা গ্রামের মো. হুমায়ূন কবীর জানান, কপাট না লাগানোর কারণে এত বছর ধরে এটি অকার্যকর অবস্থায় পড়ে আছে।
স্থানীয় কয়েকজন কৃষক জানান, আপার কাগাবলা ও বুরুতলা গ্রামের প্রায় ৩০০ একর জায়গা শুকনো মৌসুমে চাষের আওতায় নিয়ে আসতে এই জলকপাটটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে কৃষকেরা সেচযন্ত্রের মাধ্যমে গোপলা নদী থেকে ধানখেতে সেচ দিচ্ছেন। এ জন্য সেচযন্ত্রের মালিককে টাকা দিতে হচ্ছে।
আপার কাগাবলা গ্রামের তাজুল ইসলাম বলেন, ‘স্লুইসগেট চালু করলে আমরার উপকার হতো। এখন আমাদের এক কিয়ার (বিঘা) খেতে সেচের জন্য মেশিনের (সেচযন্ত্র) মালিককে দেড় হাজার টাকা দিতে হয়। স্লুইসগেট হলে এ টাকাটা দেওয়া লাগত না।’
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক আবুল কালাম চৌধুরী বলেন, ‘এই জলকপাট যারা করেছিল, সেই উত্তর-পূর্ব ক্ষুদ্র সেচ প্রকল্প এখন নেই। বিষয়টি নিয়ে আমি জেলা সমন্বয় পরিষদের সভায় আলোচনা করেছি। এখন দেখি উপজেলা পরিষদের তহবিল থেকে কোনোভাবে কাজ করা যায় কি না।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা তো এ বিষয়ে কিছু জানি না। এলাকাবাসী যদি ইউনিয়ন পরিষদের মাধ্যমে কী করতে হবে সেই প্রস্তাব দিয়ে আমাদের কাছে একটা আবেদন করেন, তাহলে আমরা কাজ করে দিতে পারি।’