এক যুগেও গ্রেপ্তার হয়নি জেএমবির ১৪ জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে পুলিশের অস্ত্র লুট মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ১৪ নেতা-কর্মী জামিনে মুক্তি পাওয়ার পর গা-ঢাকা দেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে আদালতের। কিন্তু প্রায় এক যুগে তাঁদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৩ সালের ১৪ আগস্ট রাতে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের জেএমবির নেতা মন্তেজার রহমানের বাড়িতে বিভিন্ন জেলার নেতা-কর্মীরা বৈঠকে বসেন। একপর্যায়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জেএমবির জঙ্গিরা পুলিশের ওপর হামলা করে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন আহত হন। এ ছাড়া পুলিশের অস্ত্র, গুলি ও ওয়াকিটকি লুট করে নিয়ে যায় জঙ্গিরা। তবে পুলিশ অন্তত ১৯ জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। তাঁদের মধ্যে শীর্ষ জঙ্গিনেতা আতাউর রহমান সানি, আবদুল আওয়াল (একটি মামলায় ফাঁসি কার্যকর), আনোয়ার সাদাৎ, জয়নাল আবেদীন, মামুনুর রশিদ, ওয়াহেদুল ইসলাম ওরফে আল মামুন ওরফে ছায়েম, গোলাম মোস্তফা, সালাউদ্দীন ওরফে সালেহীন প্রমুখ ছিলেন।
এ ঘটনায় জয়পুরহাট সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় ওই রাতেই ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ জনকে আসামি করে মামলা করেন। এ ছাড়া ঘটনার পর জঙ্গিনেতা মন্তেজারের বাড়ির আশপাশে পুলিশ অভিযান চালিয়ে রিভলবার, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে।
২০০৪ সালের বিভিন্ন সময়ে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে ওই ১৪ জেএমবি নেতা-কর্মী পালিয়ে যান। তাঁরা হলেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আনোয়ার হোসেন ওরফে খোকা, তরিকুল ইসলাম ওরফে তারেক ওরফে শহীদ ওরফে ভাগনে শহীদ, রানীশংকৈল উপজেলার ওয়াহেদুল ইসলাম ওরফে ছায়েম, বগুড়ার গাবতলী উপজেলার মাইনুল ইসলাম ওরফে রাঙ্গা ও আরিফুর রহমান, রংপুরের বদরগঞ্জ উপজেলার জয়নাল আবেদীন, গাইবান্ধার সাঘাটা উপজেলার মামুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ছরোয়ার জাহান, শিবগঞ্জ উপজেলার তুফান ওরফে আবুল কাশেম, নারায়ণগঞ্জ বন্দর থানার ছালাউদ্দীন ওরফে ছালেহীন, রাজশাহীর তানোর উপজেলার শহীদুল্লাহ ফারুক, বাগমারা উপজেলার আদনান সামি, নওগাঁর রানীনগর উপজেলার সাইফুল ইসলাম ওরফে খোকন ও নওগাঁ সদর থানার আবদুল কুদ্দুস।
এ ছাড়া কারাগারে রয়েছেন আনোয়ার সাদাৎ, সালাউদ্দীন, মন্তেজার রহমান, গোলাম মোস্তফা, আজিজুল বারী ও আবদুর রাজ্জাক।
আদালত সূত্রে জানা গেছে, মামলাটি দিনাজপুর জোনের সিআইডির পরিদর্শক জালাল উদ্দীন তদন্ত করে ৬১ জনের বিরুদ্ধে জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অস্ত্র, গুলি ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার হলেও এ-সংক্রান্ত কোনো মামলা না করায় আদালত মামলাটি পুনঃ তদন্তের আদেশ দেন। পুনঃ তদন্ত করে দিনাজপুর জোনের সিআইডির সহকারী পুলিশ সুপার আহসান-উল হক ওই ৬১ জনের বিরুদ্ধেই দুটি অভিযোগপত্র একই আদালতে দাখিল করেন।
সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মণ্ডল জামিন নিয়ে ১৪ আসামির পলাতক থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৯ জুলাই জানতে চাইলে জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল বলেন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে তাগাদা দেওয়া হয়েছে।