এক যুগেও জমি অধিগ্রহণের টাকা পাননি মালিকেরা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুরে পদ্মা নদীর বাঁ তীর সংরক্ষণ প্রকল্পের জন্য এক যুগ আগে ৯ দশমিক ৩২ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু এত দিনেও ওই জমির মালিকেরা টাকা পাননি।জমির মালিক ও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, ২০০০ সালে পদ্মার বাঁ তীর সংরক্ষণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ১৪৬ দশমিক ২৪ একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর মৌজায় ৯ দশমিক ৩২ একর জমি অধিগ্রহণ করা হয়। সদর উপজেলার জমির মালিকদের টাকা পরিশোধ করা হলেও কমলাকান্তপুর মৌজার প্রায় ২০০ মালিকের টাকা এখনো পরিশোধ করা হয়নি।জমির মালিক বিধবা আসেনুর বেওয়ার ৬ শতক জমি বাঁধের জন্য অধিগ্রহণ করা হয়েছিল। টাকা না পাওয়ায় তিন শিশু নিয়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, ‘টাকা দিবে দিবে কইর্যা মেল্যা দিন পার হয়েছে। আর যেনে দিন পার না হয়। হার টাকাটা তোমরা তুল্যা দেও। তিন ছাইল্যা লিয়া হাকে ভালভাবে খাইয়্যা-পইর্যা একটু বাঁচতে দেও।’ জমির মালিক আলাউদ্দীন দাবি করেন, শুরুতে পাউবোর কর্মকর্তাদের কাছে গেলে বলা হতো বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ের অধীন। আবার জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে পাউবোর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হতো। পরে পাউবোর রাজশাহী ও ঢাকা কার্যালয় থেকে জানায়, সরকার টাকা বরাদ্দ দেবে পাউবোর কাছে। সেই টাকা জেলা প্রশাসন বিতরণ করবে।পাউবো চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমান জানান, কমলাকান্তপুর মৌজার মালিকদের জমির দাম ৬০ লাখ ৭২ হাজার ১১৫ টাকা। ২০০৫-২০০৬ অর্থবছরে প্রকল্পের কাজ শেষে ওই টাকার মধ্যে মাত্র ২২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল। এ কারণে তাঁদের ওই সময় টাকা দেওয়া যায়নি। চলতি অর্থবছরে (২০১১-১২) বাকি টাকা বরাদ্দ পাওয়া গেছে। মন্ত্রণালয় থেকে এ অর্থ ছাড় দেওয়া হয়নি। শিগিগরই ছাড় হওয়ার সম্ভাবনা আছে। অর্থ ছাড় হলেই তাঁদের টাকা পরিশোধ করা হবে।