এক যুগেও টাঙ্গাইল পৌরসভায় গণশৌচাগার স্থাপন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতর আলী যমুনার চরাঞ্চলের হুগরা গ্রাম থেকে টাঙ্গাইল শহরে এসেছিলেন ডাক্তার দেখাতে। শহরে পৌঁছার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে তাঁর। কিন্তু এদিক-সেদিক ঘুরে কোথাও খুঁজে পাচ্ছিলেন না কোনো গণশৌচাগার। অলি-গলি, নালার ধারে কাজ সারবেন, সে উপায় নেই। কারণ, সব জায়গায় শুধু দোকান আর দোকান। পরে বাধ্য হয়ে এক বাসায় ঢুকে কাজ সারেন।শুধু আতর আলী নন, টাঙ্গাইল শহরে এসে যে কাউকেই পড়তে হয় এই অসুবিধায়। দুই লক্ষাধিক জনসংখ্যা-অধ্যুষিত টাঙ্গাইল শহরে পৌরসভা গত এক যুগে কোনো গণশৌচাগার তৈরি করেনি। পৌরসভা সূত্র জানায়, তাদের পুরোনো বাসস্ট্যান্ড, নতুন বাস টার্মিনাল, বাজিতপুর হাট ও পার্ক বাজারে গণশৌচাগার রয়েছে। কিন্তু সরেজমিনে এলাকাগুলোতে গিয়ে দেখা গেছে, ওই গণশৌচাগারগুলো সাধারণ মানুষ ব্যবহার করতে পারে না। ওই সব এলাকার দোকানদারেরা সেগুলোর ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করে থাকেন। বিগত ১৯৯৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এক যুগে শহরের ভিক্টোরিয়া রোড, বেবিস্ট্যান্ড, জেলা সদর গেটসহ বিভিন্ন স্থানে পৌরসভা প্রায় দুই হাজার দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের বরাদ্দ দিয়েছে। এতে পৌরসভার আয় বেড়েছে। কিন্তু নাগরিকদের সুবিধার জন্য কোথাও গণশৌচাগার তৈরি করেনি। উল্টো শহরের ভিক্টোরিয়া রোডে ক্যাপসুল মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাসাধারণের ব্যবহারের জন্য যে গণশৌচাগার ছিল সেটি ২০০৭ সালে দোকানে রূপান্তর করে এক ব্যবসায়ীর নামে বরাদ্দ দিয়েছে। এ প্রসঙ্গে তৎকালীন মেয়র জামিলুর রহমান জানান, সে সময় তিনি কারাগারে ছিলেন। তখন যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা ওই অবৈধ কাজটি করেছিলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) টাঙ্গাইল শাখার আহ্বায়ক সেকান্দার হায়াত বলেন, প্রথম শ্রেণীর টাঙ্গাইল পৌরসভা নাগরিকদের সুবিধার জন্য গণশৌচাগার স্থাপন করেনি, এটা দুর্ভাগ্যজনক। টাঙ্গাইল জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা বলেন, পৌরসভার যেখানে-সেখানে দোকান নির্মাণ না করে গণশৌচাগার স্থাপনসহ জনকল্যাণমূলক কাজ করা উচিত। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) টাঙ্গাইল অঞ্চলের জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা সোমনাথ লাহিড়ী বলেন, পৌরসভা আইনে জনসমাগমের স্থানে পরিবেশসম্মতভাবে গণশৌচাগার স্থাপন ও এর রক্ষণাবেক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। জায়গার অভাব হলে পৌর কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ গণশৌচাগার চালু করতে পারে বলেও তিনি অভিমত প্রকাশ করেন।টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান খান বলেন, আমরা বেশ কয়েকটি স্থানে গণশৌচাগার স্থাপনের পরিকল্পনা নিয়েছি। চলতি অর্থবছর পৌরসভার বাজেটে এ জন্য বরাদ্দ রাখা হয়েছে। খুব শিগগির নিরালার মোড়ে গণশৌচাগার নির্মাণের কাজ শুরু করা হবে।