এক যুগেও নির্বাচন হয়নি বোদা পৌরসভায়
পঞ্চগড়ের বোদা পৌরসভা প্রতিষ্ঠার পর এক যুগেও নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের সাতখামার ও কুড়ুলিয়া মৌজা দুটিকে পৌরসভায় অন্তর্ভুক্তি নিয়ে মামলা-পাল্টা মামলা এবং আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সদিচ্ছার অভাবে প্রশাসক দিয়েই চলছে এর কার্যক্রম।পৌরসভার নাজিরপাড়ার ব্যবসায়ী শাহীন কবীর প্রধান বলেন, নামেই পৌরসভা। অনেক মহল্লাতে সড়কবাতি নেই। ভাঙাচোরা রাস্তাঘাট। নির্বাচন না দেওয়ায় অনেকেই ক্ষুব্ধ। পৌর কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্স আদায়ে ব্যস্ত। সাধারণ মানুষের কথা ভাবে না। মেয়র-কাউন্সিলর না থাকায় মালিকানা সনদ, ট্রেড লাইসেন্স, জন্ম সনদ, নাগরিকত্ব সনদ পেতে ভোগান্তি পোহাতে হয়। পারিবারিক দ্বন্দ্ব মেটানো, বিচার-সালিসের কোনো ব্যবস্থা নেই।পৌরসভার সচিব দবিরুল ইসলাম বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে পৌরসভার উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং দাপ্তরিক কার্যক্রমেও গতি নেই। পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণ কার্যক্রম শেষ করতে পারলে নির্বাচনে কার্যত আর কোনো বাধা নেই। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে ওয়ার্ড বিভক্তি ও নির্বাচন হচ্ছে না।পৌর প্রশাসক ও ইউএনও আশরাফুল ইসলাম বলেন, ‘ইচ্ছা থাকলেও কাঙ্ক্ষিত সেবা দিতে পারছি না। আদালতে মামলা থাকায় ওয়ার্ড বিভক্তিকরণ কার্যক্রম বন্ধ রয়েছে। সীমিত বরাদ্দ দিয়ে পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। দ্বিতীয় শ্রেণীর এই পৌরসভার জন্য নির্বাচিত মেয়র-কাউন্সিলর অপরিহার্য।’জেলা নির্বাচন কর্মকর্তা শাহীনুর ইসলাম প্রামাণিক বলেন, সীমানা নিয়ে আদালতে মামলা থাকলেও বোদা পৌরসভার ওয়ার্ড বিভক্তিসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা নেই। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিকতার অভাব রয়েছে। পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সাংসদ নুরুল ইসলাম অভিযোগ করে বলেন, পঞ্চগড়-১ (সদর-আটোয়ারী-তেঁতুলিয়া) আসনের সাংসদ মজাহারুল হক প্রধানের আপত্তির কারণে বোদা পৌরসভার ওয়ার্ড বিভক্তিকরণসহ নির্বাচনী কার্যক্রম বন্ধ রয়েছে।মজাহারুল হক প্রধান বলেন, ‘ওই দুটি মৌজার জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ে লিখিত আপত্তি জানিয়েছি।’