সুনামগঞ্জ থেকে ঢাকায় যাতায়াতের ভোগান্তি ও দূরত্ব কমাতে ২০০০ সালে শুরু হয়েছিল পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের নির্মাণকাজ। কিন্তু এক যুগেও সেই কাজ শেষ হয়নি।সড়কটির কাজ দ্রুত শেষ করা হবে—প্রধানমন্ত্রীর এমন ঘোষণার দেড় বছর পরও কাজে গতি আসেনি। কবে কাজ শেষ হবে, সেটিও নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট ব্যক্তিরা।এলাকাবাসীর অভিযোগ, এই মহাসড়কের কাজ শেষ করতে বারবার প্রকল্প নেওয়া হলেও কাজ আর শেষ হয়নি। ২০০৯ সালে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে একনেকে ৫২ কোটি টাকা অনুমোদন করা হয়। তবে কাজ হচ্ছে খুবই ধীরগতিতে। এই কাজের ফাঁকে গত দুই বছরে সড়কের কয়েকটি সেতুর সংযোগ সড়ক জরুরি মেরামতের (ইমার্জেন্সি ওয়ার্ক) নামে দরপত্র ছাড়াই দেড় কোটি টাকার মাটির কাজ করিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। এসব কাজ হয়েছে নামমাত্র। কাজের মান, দীর্ঘসূত্রতা ও ভোগান্তি নিয়ে এলাকার মানুষের অভিযোগ থাকলেও স্থানীয় সাংসদ চান বৃহত্তর স্বার্থে কাজটি যেন দ্রুত শেষ হয়।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের চেষ্টায় সড়কটি মহাসড়কে উন্নীত হয়। এরপর ২০০০ সালের শুরুর দিকে সড়ক নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু সরকার পরিবর্তনের পর কাজ বন্ধ হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় এসে আবার কাজ শুরু করে।সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, এই মহাসড়কের ৫০ কিলোমিটারের মধ্যে সুনামগঞ্জ অংশে ৩৬ কিলোমিটার ও হবিগঞ্জ জেলায় রয়েছে ১৪ কিলোমিটার। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কাটাগাঙ পর্যন্ত এবং হবিগঞ্জ অংশের পাকা করার কাজ শেষ হয়েছে। ২০০৯ সালে অসমাপ্ত কাজ শেষ করতে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় (একনেক) ৫২ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সুনামগঞ্জ অংশে ১৭ কোটি এবং হবিগঞ্জ অংশে নয় কোটি টাকা বরাদ্দ পাওয়া যায়। এরপর সুনামগঞ্জ অংশে সড়কের সব কটি সেতুর কাজ শেষ হলেও ১০ কিলোমিটার সড়কের কাজ অসম্পূর্ণ রয়েছে।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, জগন্নাথপুরের কাটাগাঙ এলাকা থেকে নারকেলতলা পর্যন্ত সড়কের ১০ কিলোমিটার সেতুর সংযোগসড়ক, মাটি ও পাকা করার কাজ বাকি আছে। কিছু কিছু স্থানে সড়কের দুই পাশে মাটি ফেলা হচ্ছে। কিছু শ্রমিক সড়কের দুই পাশে পাথর ভাঙার কাজ করছেন। এলকাবাসী লেগুনা ও সিএনজিচালিত অটোরিকশা দিয়ে কোনো রকমে চলাচল করছেন। মাটির সড়কে যেখানে টেম্পো-লেগুনাই চলছে না, সেখানে একটি সেতুর পাশে সওজ ‘ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ’ বলে সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে।স্থানীয় রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী সুহেল মিয়া বলেন, ‘কদিন পর পর কিছু লোক এসে কাজ করে আবার ফেলে রেখে যায়। ১২ বছর ধরে এভাবে চলছে। এবার বৃষ্টি শুরু হলে স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে যাবে।’ বাগময়না গ্রামের যুবক সালেহ আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এই সড়ক নির্মাণ নিয়ে চলছে তুঘলকি কাণ্ড। ঠিকাদার আর কর্মকর্তরা মিলে এটাকে লুটপাটের বিষয়ে পরিণত করেছেন।’ জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ বলেন, ‘সড়কটি চালু হলে ঢাকার সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণায় আমরা আশান্বিত হয়েছিলাম, এখন চরমভাবে হতাশ। জেলা উন্নয়ন সমন্বয় সভায় বারবার বলার পরও কোনো অগ্রগতি হয়নি।’নারকেলতলা এলাকায় গিয়ে দেখা হয় সওজের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ দাসগুপ্তের সঙ্গে। তিনি বলেন, বর্তমানে চারটি প্রকল্পে কাজ হচ্ছে। আগামী জুনে কাজ শেষ হওয়ার কথা। তবে জুনেই কাজ শেষ হবে, এমনটি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমানউল্লাহ বলেন, বরাদ্দ ঠিকমতো পাওয়া গেলেই যথাসময়ে কাজ শেষ করা যেত। দরপত্র ছাড়া দেড় কোটি টাকার জরুরি মেরামতকাজের কথা স্বীকার করে আমানউল্লাহ বলেন, জরুরি প্রয়োজনেই এসব জরুরি কাজ করতে হয়েছে। কাজে কোনো অনিয়ম হয়নি।সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) সাংসদ এম এ মান্নান বলেন, ‘সুনামগঞ্জবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে এটি। কাজের মান নিয়ে এলাকাবাসীর অভিযোগ থাকলেও আমরা মনে করি, কাজটি যেভাবেই হোক, দ্রুত শেষ করা দরকার। আমি সব জায়গায় যোগাযোগ রাখছি। আশা করি বর্তমান সরকারের সময়েই কাজ শেষ হবে।’