এক যুগেও নির্মাণ শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে নতুন কারাগার নির্মাণকাজ শুরু হয়েছিল এক যুগ আগে। কিন্তু মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় না করায় ওই কাজ আজও শেষ হয়নি। এর নির্মাণকাজ শেষ না হওয়ায় কারাবন্দীরা দুর্ভোগ পোহাচ্ছেন। কারণ পুরোনো কারাগারে জায়গা না থাকায় ধারণক্ষমতার চারগুণ বন্দী রাখতে হচ্ছে কর্তৃপক্ষকে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, ১২ বছরে কারাগার নির্মাণ প্রকল্পের মাত্র ২৫ শতাংশ শেষ হয়েছে। মূলত প্রয়োজনীয় অর্থ ছাড় না পাওয়ায় নির্ধারিত সময়ে নির্মাণকাজ শেষ করা যায়নি। তিনি জানান, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০১৮ সালের জুন মাসে নেওয়া হয়েছে। তবে যে হারে অর্থ আসছে, তা দিয়ে ২০২৫ সালেও শেষ করা যাবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জেলা গণপূর্ত বিভাগ সূত্র জানায়, কিশোরগঞ্জ জেলায় ১৩টি উপজেলা আছে। দেড় যুগ আগে জেলা কারাগারে ধারণক্ষমতার চেয়ে কখনো দ্বিগুণ, আবার কখনো বন্দী বেড়ে চারগুণ হয়ে যায়। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দী নিয়ে কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়। এ রকম বাস্তবতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিশোরগঞ্জে নতুন কারাগার নির্মাণের পরিকল্পনা নেয়। এ জন্য ১৯৯৮-৯৯ অর্থবছরে প্রায় ৫৬ কোটি টাকা বরাদ্দ ধরা হয়। বর্তমানে প্রকল্প ব্যয় বেড়ে ৭০ কোটিতে গিয়ে ঠেকেছে। ওই প্রকল্পের অধীনে বিচারাধীন পুরুষ ও মহিলা ব্যারাক, কারাগারের কার্যালয়, প্রিজনার্স ওয়ার্ক শেড, সাজাপ্রাপ্ত কয়েদি ব্যারাক, মেডিকেল সেন্টারসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করার কথা রয়েছে। নতুন কারাগারের বন্দী ধারণক্ষমতা ধরা হয়েছে দুই হাজার।
জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, নতুন কারাগার নির্মাণের জন্য ১৯৯৮-৯৯ অর্থবছরেই সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নগাও এলাকায় ২৮ একর জমি অধিগ্রহণ করা হয়। নির্মাণকাজ শুরু হয় ২০০২-২০০৩ অর্থবছরে। প্রথমে শুরু হয় মাটি ভরাটের কাজ। সামান্য মাটি ভরাট হওয়ার পর প্রয়োজনীয় অর্থের অভাবে প্রকল্পের কাজ আটকে যায়। এরপর প্রায় পাঁচ বছর কাজ বন্ধ থাকে। পরে আবার ২০০৮-২০০৯ অর্থবছরে অর্থ ছাড় করার পর আবার কাজ শুরু হয়। ২০১১ সাল থেকে প্রতিবছর দুই থেকে তিন কোটি টাকা ছাড় পাওয়া যাচ্ছে। তবে চলতি বছর বরাদ্দ পাওয়া গেছে সাড়ে চার কোটি টাকা।
ঠিকাদারি প্রতিষ্ঠান লিজা এন্টারপ্রাইজের মালিক আবদুস সামাদ বলেন, সমস্যা বলতে টাকা। টাকা পেলে এক যুগে এ রকম আরও বেশ কয়েকটা কারাগার তৈরি করে ফেলা যেত। টাকার কারণেই এ সময়ের মধ্যে এই কারাগারের মাত্র ২৫ থেকে ৩০ শতাংশের বেশি কাজ শেষ করা যায়নি।
কাজের ধীর গতি ও কম টাকা ছাড়া দেওয়ার ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ও জেলা কারাগার উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন বলেন, ‘এই খাতে বরাদ্দ কম। যা প্রয়োজন তার চেয়ে অনেক কম বরাদ্দ পাওয়ায় ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে পারছি না। এ জন্য কিশোরগঞ্জ কারাগার নির্মাণকাজটি বিলম্ব হচ্ছে। তবে ২০১৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ কারাগারের ২৪৫ বন্দীর থাকার ব্যবস্থা আছে। তবে বেশির ভাগ সময় বন্দীর সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। সেই ক্ষেত্রে বন্দীরা পালা করে ঘুমান। তা ছাড়া কারাভবনটি জরাজীর্ণ। অনেক স্থান থেকে বৃষ্টির পানি চুইয়ে ভবনের ভেতরে আসে। শৌচাগার ও পানি সরবরাহ অপ্রতুল। এ অবস্থায় নতুন কারাগার স্থানান্তর না হওয়া পর্যন্ত দুর্ভোগ কমার সম্ভাবনা নেই।