পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের নির্মাণকাজ এক যুগেও শেষ হয়নি। জমি নিয়ে জটিলতা ও মামলার কারণে ভবনটির প্রায় ২৫ ভাগ কাজ শেষ হওয়ার পরে কাজ বন্ধ হয়ে যায়। সমস্যা নিরসনের দুই বছরেও ভবনটির নির্মাণকাজ আর শুরু হয়নি।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গুলিসাখালী মৌজার গুলিসাখালী গ্রামে ওই কমপ্লেক্স ভবনটি নির্মাণের জন্য ২০০০ সালের ১১ নভেম্বর ‘জ্যাকি কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ভবন নির্মাণের প্রায় ২৫ ভাগ কাজ শেষ হলে ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মহিউদ্দিন ফারুক নামের এক ব্যক্তি কমপ্লেক্স ভবনের সম্পূর্ণ জমি ইউনিয়ন পরিষদের নয় অভিযোগ করে ২০০১ সালে মঠবাড়িয়া সহকারী জজ আদালতে মামলা করেন। আদালত মামলাটি খারিজ করে দেন।ওই ব্যক্তি ২০০২ সালে একই অভিযোগ তুলে একই ইউনিয়নের টিয়ারখালীতে ইউপি কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে আবেদন করেন। এর ফলে নির্মাণকাজ আর শুরু হয়নি। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৩ মার্চ স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জরুরিভিত্তিতে গুলিসাখালী মৌজায় যেখানে কমপ্লেক্স ভবন আংশিক নির্মাণ হয়েছে সেই জমির রেকর্ডসংক্রান্ত জটিলতা নিরসন করে ভবনের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি মঠবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) ওই জমি নিষ্কণ্টক মর্মে প্রত্যয়নপত্র দেন।উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, কমপ্লেক্স ভবনের জমিসংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে। ভবনটির নির্মাণব্যয় ধরা হয়েছিল ৩৪ লাখ ৭৮ হাজার টাকা। নির্মাণসামগ্রীর দাম বেড়ে যাওয়ায় এখন নতুন করে নির্মাণব্যয় নির্ধারণ করতে হবে।ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, নতুন ভবন নির্মাণ না হওয়ায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। জনস্বার্থে জরুরিভিত্তিতে কমপ্লেক্স ভবনের কাজ শেষ করা প্রয়োজন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আনোয়ার উদ্দিন খান প্রথম আলোকে বলেন, ভবন নির্মাণের সব প্রতিবন্ধকতা দূর করা হয়েছে। শিগগির ভবনের কাজ শুরু করা হবে।