নির্মাণকাজ এক যুগেও শেষ হয়নি। মিরপুর-১ নম্বরে অর্ধসমাপ্ত হজরত শাহ আলী (র.) সুপার মার্কেটের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে এর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, গত ১২ বছরে বিভিন্ন প্রতিকূলতার কারণে ১০ তলা মার্কেট ভবনটির চারতলা পর্যন্ত অর্থাৎ মাত্র ২৫ শতাংশের কাজ সমাপ্ত হয়েছে। আগামী সাড়ে তিন বছরে অবশিষ্ট কাজ শেষ করে দোকানমালিকদের কাছে তাঁদের পজেশন বুঝিয়ে দেওয়া হবে। প্রত্যেক দোকানমালিকের দায়িত্ব হলো তাঁর নিজের দোকানের সামনের অংশটুকু পরিষ্কার ও দখলমুক্ত রাখা। তা না করে কোনো দোকানদার যদি ফুটপাত দখল করে রাখেন, তাহলে সেই ব্যবসায়ীর ট্রেড লাইসেন্স বাতিল করা হবে।
১৯৮৬ সালে তৎকালীন গৃহসংস্থান অধিদপ্তর ২৪৬টি দোকান, ২ দশমিক ৪৪ একর জমিসহ হজরত শাহ আলী (র.) মার্কেটটি অবিভক্ত সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করে। তখন মার্কেটটি পুরোনো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে জরাজীর্ণ ভবন ভেঙে নতুন আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। সে লক্ষ্যে ২০০৪ সালে ৬ এপ্রিল ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের অনুকূলে ২৪৬টি এবং ১৭টি সমিতির অনুকূলে ৩০৫৪টি এবং মেয়র কোটা ও মুক্তিযোদ্ধা সমিতির অধীনে ১১০টিসহ মোট ৩৪১০টি দোকান বরাদ্দের উদ্দেশ্যে অগ্রিম সালামি গ্রহণ করে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল।
২০০৪ সালের এপ্রিলে ২ দশমিক ৪৪ একর জমির ওপর মার্কেটটির একটি ভূগর্ভস্থ তলাবিশিষ্ট ১০ তলা আধুনিক ভবন নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে ভূগর্ভস্থ তলা, চারতলাসহ ভবন নির্মিত হয়েছে। এতে ১০০টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ মোট ৩০০টি দোকান রয়েছে। প্রত্যেক তলায় নারী-পুরুষের জন্য পৃথক শৌচাগার।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ আসলামুল হক বলেন, ‘যে সকল ব্যবসায়ী ফুটপাত, রাস্তাঘাট দখল করে দোকান দিয়ে জনসাধারণের চলাফেরায় সমস্যা তৈরি করছেন, তাঁদের পক্ষে আমি নেই। আমি আমার জনসাধারণের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকব। তাঁদের সুবিধার জন্য যেকোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে আমি প্রস্তুত।’
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতান, অন্যান্য কাউন্সিলর ও মার্কেট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।