এক যুগেও পূর্ণতা পায়নি মধুটিলা ইকোপার্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকবলের সংকট, সংস্কারের অভাব ও অব্যবস্থাপনার কারণে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ে অবস্থিত মধুটিলা ইকোপার্কটি নির্মাণের এক যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পূর্ণতা পায়নি।এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে ময়মনসিংহ বন বিভাগের আওতায় ভারত সীমানার কোল ঘেঁষে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ৩৮৪ একর বনভূমিজুড়ে এক কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে মধুটিলা ইকোপার্ক নির্মাণের কাজ শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে চার কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যবর্ধক আরও কিছু কাজ করা হয়। এসব কাজের মাধ্যমে তৃতীয় পর্যায়ে এর পূর্ণাঙ্গ রূপ পাওয়ার কথা। কিন্তু তৃতীয় পর্যায়ের কাজ না হওয়ায় পূর্ণতা পাওয়ার পরিবর্তে নানা প্রতিবন্ধকতায় পার্কটি দিনে দিনে ধ্বংস হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইকোপার্কের প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই বাঁ দিকে রয়েছে তালাবদ্ধ তথ্যকেন্দ্র। পাশেই ডিসপ্লে সেন্টার। ইকোপার্কের সব দর্শনীয় বস্তুর ম্যুরাল থাকলেও সেগুলো ভাঙাচোরা। পার্কজুড়ে কুমির, বাঘ, হরিণ, সিংহ, মৎস্য কুমারী, সাপ, ব্যাঙসহ নানা ভাস্কর্য থাকলেও এসবের রং উঠে গেছে। রয়েছে সাইটভিউ টাওয়ার, লেক, প্যাডেল বোট, স্টার ব্রিজ, শিশুপার্কসহ নানা স্থাপনা। কিন্তু রক্ষণাবেক্ষণের লোকবলের সংকটে এবং যন্ত্রাংশ সংস্কার না করায় অবহেলা-অযত্নে এসব নষ্ট হচ্ছে। সেই সঙ্গে পার্কটির সৌন্দর্য হারাচ্ছে। পার্কে যাওয়ার পথে তিনানি টেংরাখালী মোড় থেকে ছয় কিলোমিটার সড়কের অধিকাংশ পিচ, কার্পেটিং ও সিলকোট উঠে গেছে। সড়কে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। পোড়াগাঁও এলাকার মো. আনিসুর রহমান (৪৮) ও মো. জমির উদ্দিন (৫০) জানান, প্রতিবছর এই পার্ক থেকে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আয় করলেও সংশ্লিষ্ট বিভাগের চরম উদাসীনতার কারণে পার্কটি পূর্ণতা পাচ্ছে না।সাবেক ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, ‘পার্কটির উন্নয়নের জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দাবি করে আসছি। প্রতিবছর সরকার এখান থেকে লাখ লাখ টাকা রাজস্ব আয় করলেও উন্নয়নের ব্যাপারে উদাসীন। পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ মিয়া জানান, জনবলের সংকটের কারণে এত বড় পার্কটির তত্ত্বাবধানে হিমশিম খেতে হয়।মধুটিলা ফরেস্ট রেঞ্জের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেঞ্জার মো. জিল্লুর রহমান রাস্তার বেহাল অবস্থা, জনবলের সংকট ও সৌন্দর্যবর্ধক স্থাপনাগুলোর আকর্ষণ হারানোর কথা স্বীকার করে বলেন, ইকোপার্কটি উন্নয়নে তৃতীয় পর্যায়ের কাজের জন্য বেশ কিছু প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখনো অনুমোদন পাওয়া যায়নি। তবে বন্য প্রাণী সংরক্ষণ বিভাগ পার্কের উন্নয়নের জন্য বেশ কিছু কাজ হাতে নিয়েছে।