এক যুগেও বাসস্থানের মালিকানা পাননি আশ্রয়ণের বাসিন্দারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার এক যুগ পরও বাসস্থানের মালিকানা ও প্রতিশ্রুত জমি পাননি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার দক্ষিণ চরমজিদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। তাই ঘরগুলো জরাজীর্ণ হয়ে গেলেও মেরামত করতে পারছেন না তাঁরা। এতে মানবেতর জীবন যাপন করছে প্রায় সাড়ে ৮০০ পরিবার। সরেজমিনে জানা গেছে, ১৯৯৯-২০০০ অর্থবছরে চরমজিদ আশ্রয়ণ প্রকল্প স্থাপন করা হয়। প্রকল্পের অধীন ১৮টি ব্যারাক (টিনশেড ঘর), ১৮টি দিঘি, ৭২টি নলকূপ ও ৩৬টি স্বাস্থ্যসম্মত পায়খানা নির্মাণ করা হয়। ২০০০ সালের ২৩ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী সফরকালে আনুষ্ঠানিকভাবে এক হাজার ৪৪০টি পরিবারের মধ্যে ওই ব্যারাকগুলো হস্তান্তর করেন। প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, প্রকল্পের অধীনে নির্মিত ১৮টি ব্যারাকের প্রায় প্রতিটি কক্ষই বসবাসের অনুপযোগী। চালের টিনগুলো খসে পড়ছে। ঘরের ভেতর থেকেই আকাশ দেখা যায়। দরজা-জানালাগুলো ভেঙে গেছে। নলকূপগুলোর বেশির ভাগই অকেজো। পায়খানাগুলোও ভাঙাচোরা হওয়ায় স্যানিটেশনের অবস্থা অত্যন্ত শোচনীয়। এসব কিছুর পরও প্রায় সাড়ে ৮০০টি ভূমিহীন পরিবার কোনো রকম মাথা গুঁজে দিনযাপন করছে। আশ্রয়ণের বাসিন্দা রাহেলা বেগম জানান, প্রায় ১২ বছর ধরে তিনি ওই আশ্রয়ণে আছেন। তাঁর চার ছেলে ও দুই মেয়ে। স্বামী ইটভাটায় কাজ করেন। আশ্রয়ণের ঘরের যে কক্ষটি তিনি বরাদ্দ পেয়েছেন, তার চাল নষ্ট হয়ে গেছে। থাকার অবস্থা নেই। সংস্কারের উদ্যোগ নিলেও স্থানীয় ইউপি সদস্য বলেন, ‘এসব সরকারি সম্পদ। ভেঙে পড়লেও তোমরা ঠিক করতে পারবা না।’ এ অবস্থায় সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটতে হয়। সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ মেহেদী হাসান বলেন, আশ্রয়ণকেন্দ্রে বসবাসের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব বাসিন্দাদের। মালিকানা হস্তান্তরের কার্যক্রম এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে। যাঁরা বসবাস করছেন, তাঁদের যাচাই-বাছাই করে স্থায়ীভাবে প্রকল্পের ঘর এবং ভূমি বন্দোবস্ত দেওয়া হবে।