এক যুগেও বিচার পাননি আলী মর্তুজার স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলে হত্যার বিচারের অপেক্ষায় থেকে বাবা মারা গেছেন দুই বছর আগে। মা চলে গেছেন আরও আগে। এখন পরিবারের সদস্যদের আশা, তাঁরা যেন অন্তত হত্যাকাণ্ডের বিচার দেখে যেতে পারেন।
এ আশা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নিহত জ্যেষ্ঠ সহসভাপতি আলী মর্তুজা চৌধুরীর পরিবারের। ২০০১ সালের ২৯ ডিসেম্বর গ্রামের বাড়ি ফতেয়াবাদের ছড়ারকুল এলাকায় আলী মর্তুজাকে সন্ত্রাসীরা খুন করে। এ হত্যাকাণ্ডের জন্য নিহত আলী মর্তুজার পরিবার ও ছাত্রলীগ ছাত্রশিবিরকে দায়ী করে আসছে।
হত্যাকাণ্ডের এক যুগ পেরিয়ে গেলেও বিচারকাজ শেষ না হওয়ায় পরিবারের সদস্য ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
২০০৩ সালের অক্টোবরে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলী মর্তুজার বাড়িতে যান এবং ক্ষমতায় এলে
দ্রুত এ বিচারকাজ শেষ করার আশ্বাস দেন। কিন্তু এখনো বিচারকাজ শেষ হয়নি।
হাটহাজারী থানা সূত্র জানায়, হত্যাকাণ্ডের পরদিন আলী মর্তুজার বড় ভাই আলী নাসের চৌধুরী ছয়জনের বিরুদ্ধে হাটহাজারী থানায় মামলা করেন। পুলিশ ২০০৪ সালে আলোচিত এ মামলার অভিযোগপত্র দেয়।
আলী মর্তুজার পরিবারের অভিযোগ, তত্কালীন জোট সরকারের মন্ত্রী ও সাংসদদের প্রভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে তিনজনকে রাজনৈতিক বিবেচনায় অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম ও সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল।
সূত্র জানায়, মামলার প্রধান আসামি হাবিব খান বিদেশে আছেন। অন্য আসামি সাইফুল ইসলাম বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। আবদুল আউয়াল নামের একজন বিদেশে পলাতক। আর দিদারুল আলম ঢাকায় ব্যবসা করছেন।
মামলার বাদী আলী নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে বিচারাধীন মামলাটির চার সাক্ষীর সাক্ষ্য গ্রহণ বাকি রয়েছে। আমাদের প্রত্যাশা, দ্রুত বিচার-প্রক্রিয়া শেষ করে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে ভাই হারানোর শোক কিছুটা হলেও কাটবে।’
এদিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা আলী মর্তুজার ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জেয়ারত, বিক্ষোভ মিছিল, মিলাদ মাহফিল ও মানববন্ধন।