এক যুগেও বিচার শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পেরিয়ে গেলেও চট্টগ্রামের আওয়ামী লীগের দুই নেতা ফারুক মাহমুদ সিদ্দিকী ও সোলায়মান খান খুনের মামলার কোনো কিনারা হয়নি। সাক্ষীরা হাজির না হওয়ায় মামলাটি নিষ্পত্তি হচ্ছে না বলে জানিয়েছেন সরকারি কৌঁসুলি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও বিচার না পাওয়ায় হতাশ নিহত দুই ব্যক্তির স্বজনেরা। বিচার দেখে যেতে পারেননি মামলার বাদীও। পাঁচ বছর আগে মারা যান মামলার বাদী সায়রা খাতুন। পুলিশ গ্রেপ্তার করতে পারেনি মামলার প্রধান আসামি র‌্যাব-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী হাবিব খানকে।
এ মামলায় ৪৫ জন সাক্ষীর মধ্যে মাত্র ২২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। সর্বশেষ গত বছরের এপ্রিল মাসে এ মামলায় একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।
২০০৩ সালের ১২ ফেব্রুয়ারি হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় পবিত্র ঈদুল আজহার দিন উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফারুক মাহমুদ সিদ্দিকী ও সদস্য সোলায়মান খানকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ফারুক মাহমুদ সিদ্দিকীর মা সায়রা খাতুন বাদী হয়ে শিবিরের ক্যাডার গিয়াস হাজারিকা, গিট্টু নাছির, হাবিব খান ও ফয়েজ মুন্নাকে আসামি করে হাটহাজারী থানায় হত্যা মামলা করেন।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি আবুল হাশেম বলেন, মামলাটির সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। বারবার তাগাদা দিলেও সাক্ষীরা হাজির হচ্ছেন না। এ জন্য বিচার বিলম্বিত হচ্ছে। সাক্ষীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাঁদের হাজির করা হবে।
সরকার ক্ষমতায় থাকার পরও দলের দুই নেতার হত্যায় বিচার না হওয়া প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম জানান, এক যুগ পেরিয়ে গেলেও বিচার না হওয়া সত্যিই দুঃখজনক। দুই ত্যাগী নেতা হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করতে সরকারি কৌঁসুলিকে অনুরোধ জানানো হয়েছে। আলোচিত এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠিয়ে নিষ্পত্তির জন্যও চাঞ্চল্যকর মামলার মনিটরিং কমিটির কাছে লিখিতভাবে জানানো হবে।
ফারুক মাহমুদ সিদ্দিকীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘১১ দিন বয়সে আমার ছেলে তার বাবাকে হারিয়েছে।’ বিচার না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ছেলেকে বলতে পারি না তার বাবা হত্যার বিচার কবে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেও হত্যার বিচার পাচ্ছি না। হয়তো আমার শাশুড়ির মতো আমিও বিচার দেখে যেতে পারব না।’
জান্নাতুল ফেরদৌস জানান, ঘটনার পর তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছুটে এসেছিলেন নিহত ফারুকের বাড়িতে। সেদিন তিনি ঘোষণা দিয়েছিলেন খুনিদের বিচারের আওতায় আনা হবে। কিন্তু আজও বিচার হয়নি।
একইভাবে বিচার না পেয়ে হতাশ হয়ে পড়েছেন নিহত সোলায়মান খানের পরিবারও। তাঁরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন সরকারের কাছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, আসামি হাবিব খান দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। আসামি গিয়াস হাজারিকা, গিট্টু নাছির ও ফয়েজ মুন্না কথিত বন্দুকযুদ্ধে মারা গেছেন।