এক যুগেও বিচার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সাংবাদিক শামছুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ জুলাই। ২০০০ সালে জনকণ্ঠ পত্রিকার যশোর অফিসে কর্মরত অবস্থায় আততায়ীর গুলিতে নিহত হন তিনি। এক যুগ পেরিয়ে গেলেও আজও তাঁর হত্যাকাণ্ডের বিচার হয়নি।
এদিকে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল আটটায় যশোর প্রেসক্লাবে জমায়েত ও কালো ব্যাজ ধারণ, সাড়ে আটটায় শহরের কারবালা কবরস্থানে নিহতের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ ও বেলা ১১টায় স্মরণসভা।
জানা গেছে, ২০০০ সালের ১৬ জুলাই রাতে শামছুর রহমান খুন হওয়ার পর ২০০১ সালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলায় ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর মামলার বর্ধিত তদন্তে শামছুর রহমানের বন্ধু সাংবাদিক ফারাজী আজমল হোসেনকে নতুন করে আসামি করা হয়। এ সময় মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীকে বাদ দিয়ে আসামিদের ঘনিষ্ঠদের সাক্ষী করা হয়। এতে মামলার বিচারের প্রক্রিয়া বিলম্বিত হওয়ার পাশাপাশি অভিযোগপত্র দুর্বল হয়ে যায়। বর্ধিত তদন্ত প্রতিবেদন দাখিলের পর ২০০৫ সালের জুন মাসে যশোরের বিশেষ জজ আদালতে এই মামলার অভিযোগ গঠন করা হয়। জুলাই মাসে বাদীর মতামত ছাড়াই মামলাটি খুলনার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। এতে মামলার বাদী শামছুর রহমানের স্ত্রী সেলিনা আকতার বিচারিক আদালত পরিবর্তনের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০০৫ সালের সেপ্টেম্বরে উচ্চ আদালতে আপিল করেন।
আপিলে সেলিনা আকতার বলেন, মামলার অন্যতম আসামি খুলনার শীর্ষ সন্ত্রাসী হিরক পলাতক রয়েছেন। হিরকসহ মামলার অন্যান্য আসামির সঙ্গে খুলনার সন্ত্রাসীদের সম্পর্ক রয়েছে। এ কারণে তাঁর পক্ষে খুলনায় গিয়ে সাক্ষ্য দেওয়া ঝুঁকিপূর্ণ। বাদীর এই আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মামলাটি কেন যশোরে ফিরিয়ে দেওয়া হবে না—এই মর্মে রুল জারি করেন। কিন্তু সরকারের পক্ষ থেকে রুলের জবাব না দেওয়ায় মামলাটির বিচারের প্রক্রিয়া থেমে আছে। এদিকে দীর্ঘদিনেও মামলাটির বিচার না হওয়ায় নিহত শামছুর রহমানের পরিবার ও সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর নিহতের পরিবার ও সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে বিতর্কিত তদন্ত বাতিলের দাবি জানানো হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি সাজেদ রহমান জানান, ২০০৯ সালের মে এবং ২০১১ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সাংবাদিক নেতাদের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়।
মামলার অভিযোগপত্রভুক্ত ১৬ জনের মধ্যে খুলনার শীর্ষ সন্ত্রাসী মুশফিকুর রহমান ওরফে হিরক পুলিশের খাতায় পলাতক রয়েছেন। আরেক আসামি খুলনার ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান র‌্যাবের ক্রসফায়ারে, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন হূদেরাগে আক্রান্ত হয়ে এবং যশোর সদরের চূড়ামনকাটি গ্রামের আনারুল প্রতিপক্ষের হামলায় মারা গেছেন। অন্য আসামিরা জামিনে রয়েছেন।