এক যুগেও শেষ হয়নি কচুয়া সেতুর কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর-বাগেরহাট সংযোগ সড়কে বলেশ্বর নদীর ওপর কচুয়া সেতুর নির্মাণকাজ প্রায় এক যুগেও শেষ হয়নি। ফলে দুই জেলার লাখো মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।

পিরোজপুরের চালিতাখালী গ্রামের ভ্যানচালক আনিছ বলেন, ‘প্রত্যেক দিন নৌকায় কইরা ভ্যান নিয়া নদীর ওপার বাগেরহাটের কচুয়ায় যাই। হারা দিন খাইড্যা রাইতে বাড়ি ফিরি। ভ্যানডা নৌকায় পার করতে দুইবারে ২০টা টাহা লাগে, কন কয়ডা টাহা কামাই, হেয়া দিয়া আবার ২০ টাহা যায় নৌকায়। পোলডা অইলে তো আর এই টাহাডা খরচ লাগদো না।’

কচুয়া সিএস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও চালিতাখালীর বাসিন্দা শারমিন আক্তার জানান, বর্ষায় খেয়া পার হতে গিয়ে দুর্ভোগের অন্ত থাকে না। সেতুটা হলে পারাপারের কষ্ট থাকত না। পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরদার কামরুজ্জামান বলেন, ‘চালিতাখালী ও এর আশপাশ এলাকার অনেকের ব্যবসা-বাণিজ্য ও স্কুল-কলেজ কচুয়ায়। এ কারণে কচুয়া সেতুটি আমাদের জন্য খুবই জরুরি।’

বাগেরহাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ২০০২ সালে বলেশ্বর নদীর ওপর কচুয়া-চালিতাখালী ১১১ দশমিক ৩২ মিটার দীর্ঘ ও ৭ দশমিক ৬০ মিটার প্রস্তের কচুয়া সেতুর নির্মাণকাজ শুরু হয়। প্রায় তিন কোটি ৮১ লাখ টাকা ব্যয়সাপেক্ষ এ সেতুর নির্মাণকাজ করে ঢাকার মেসার্স ইদ্রিস আলী সিকদার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর মূল কাঠামো তৈরি এবং পিরোজপুর প্রান্তের সংযোগ সড়কের নির্মাণকাজ করার পর ২০০৬ সালে ঠিকাদার চলে যান। বাগেরহাট প্রান্তের সংযোগ সড়কের নির্মাণকাজ এখনো বাকি।

বাগেরহাট সওজের নির্বাহী প্রকৌশলী শেখ আবদুল আলী জানান, বাগেরহাটের কচুয়া অংশের সংযোগ সড়ক নির্মাণের জন্য ১৪ দশমিক ১৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এ বাবদ প্রায় পাঁচ কোটি ৯৮ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করা হয়েছে। কচুয়া অংশের সংযোগ সড়কে দুটি কালভার্ট ও একটি আন্ডারপাস নির্মাণ করতে হবে। এ জন্য ২০১২ সালের শেষ দিকে প্রায় ছয় কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়সাপেক্ষ কাজ খুলনার দি আজাদ ইঞ্জিনিয়ারসকে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি নির্মাণকাজ করছে।

দি আজাদ ইঞ্জিনিয়ারসের প্রতিনিধি জহিরুল আলম বলেন, ‘দ্রুত সংযোগ সড়কের নির্মাণকাজ শেষ করার চেষ্টা করছি। সেতুর কাজ শেষ হলে জনগণ ও যানবাহন চলাচলে ভোগান্তি কমবে।’