এক যুগেও শেষ হয়নি নির্মাণকাজ, দুর্ভোগ
শুরুর পর এক যুগ পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কালিরহাট সেতুর নির্মাণকাজ শেষ হয়নি। এ কারণে দুর্ভোগের শিকার হচ্ছে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় অর্ধলাখ মানুষ।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মঠবাড়িয়া কার্যালয় থেকে জানা গেছে, আমড়াগাছিয়া-বেতমোর-কালিরহাট সড়কে মঠবাড়িয়ার কালিরহাট এলাকায় বড় মাছুয়া খালের ওপর ৬০ মিটার দৈর্ঘ্য ও পাঁচ মিটার প্রস্থের বেইলি সেতু নির্মাণের জন্য ২০০১ সালের ১ নভেম্বর বরিশালের মেসার্স তোফাজ্জেল হোসেন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি দুটি গার্ডার নির্মাণ করে সেতুর কাজ অসমাপ্ত অবস্থায় ফেলে রেখে যায়।এরপর ২০০৪-২০০৫ অর্থবছরে লোহার সেতু নির্মাণের জন্য ঝালকাঠির মেসার্স সরদার এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চার কোটি ৭০ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়। ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করায় ২০০৬ সালে এলজিইডি কার্যাদেশটি বাতিল করে। এর পর থেকে সেতুটির নির্মাণকাজ বন্ধ রয়েছে।বেতমোর রাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বসির আহমেদ বলেন, ‘বারবার অর্থ বরাদ্দ হওয়ার পরও কালিরহাট সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় আমাদের যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। বিভিন্ন স্থানে যেতে এলাকাবাসীকে খেয়া পারাপারের ওপর নির্ভর করতে হয়। সাপলেজা, আমড়াগাছিয়া ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য সেতুটির নির্মাণকাজ জরুরি ভিত্তিতে শেষ করা প্রয়োজন।’কালিরহাট বাজারের পান্না জমাদ্দার, পুলিন চন্দ্র শীলসহ কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, সেতুটি নির্মাণ না হওয়ায় প্রতিদিন তিন ইউনিয়নের বাসিন্দাদের উপজেলা সদর, বড় মাছুয়া স্টিমারঘাটসহ বিভিন্ন স্থানে যেতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। খেয়ানৌকা পার হতে গিয়ে তাদের অনেক সময় ব্যয় হচ্ছে। তা ছাড়া রাতে খেয়া পারাপার বন্ধ হলে তিন কিলোমিটার পথ ঘুরে তাদের গন্তব্যে যেতে হয়।যোগাযোগ করা হলে মঠবাড়িয়া উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন বলেন, কালিরহাটে প্রথমে গার্ডারের ওপর বেইলি সেতু নির্মাণের কথা ছিল। পরে বেইলি সেতুর সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ঠিকাদার সেতুটির নির্মাণকাজ শেষ করতে পারেননি। পরে লোহার সেতু নির্মাণের জন্য কার্যাদেশ দেওয়া হয়। কিন্তু ঠিকাদার কাজ না করায় কার্যাদেশ বাতিল করা হয়। এখন নতুন করে অর্থ বরাদ্দের পর সেতু নির্মাণের দরপত্র আহ্বান করতে হবে; তা ছাড়া সেতুটি নির্মাণ করা সম্ভব নয়।