এক যুগেও শেষ হয়নি শ্রীপুরের রাজাবাড়ী সেতুর নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারুলী নদীর ওপর রাজাবাড়ী সেতুর নির্মাণকাজ এক যুগেও সম্পন্ন হয়নি। এই সেতুর নির্মাণকাজ কবে শেষ হবে, তা কেউ জানেন না। স্থানীয় সূত্রে জানা গেছে, সময়মতো পর্যাপ্ত তহবিল বরাদ্দ না পাওয়া, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যর্থতা, নকশা পরিবর্তন ও সর্বশেষ ভূমি অধিগ্রহণ না হওয়াসহ নানা কারণে সেতুর নির্মাণকাজ এখন বন্ধ রয়েছে। অথচ ঢাকা-কাপাসিয়া সড়কের এই পথ দিয়ে কাপাসিয়া, কিশোরগঞ্জ, তাড়াইল, রানীগঞ্জ, টোক, কটিয়াদী, পাকুন্দিয়াসহ কয়েকটি অঞ্চলের যানবাহন চলাচল করে।সরেজমিনে দেখা গেছে, নদীতে পুরোনো পরিত্যক্ত সেতুর ওপর নির্মিত বেইলি সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। গাড়ির ভারে বেইলি সেতুর পাটাতনগুলো ওপরে-নিচে ওঠানামা করছে। বেইলি সেতুর এক পাশ দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে হেঁটে পারাপার হচ্ছে। পাশেই নির্মাণাধীন সেতুর অবকাঠামো পড়ে রয়েছে। এ পর্যন্ত প্রায় তিন ভাগের দুই ভাগ কাজ শেষ হয়েছে। ওই সেতুর ঢালাইয়ের নিচ থেকে এখনো মাচা (কাস্টিং) খোলা হয়নি।রাজাবাড়ী গজারিয়া গ্রামের মফিজ উদ্দিন জানান, এক যুগ ধরে এই সেতুর নির্মাণকাজ চলছে। সেতুর মাঝখানে বাদ রেখে দুই পাশে স্তম্ভ তৈরি করে তাতে ঢালাই দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, এই সেতু নির্মাণের ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি ৭৬ লাখ টাকা। ২০০১ সালে প্রথম সেতুর দরপত্র আহ্বান করা হয়। কাজ পায় মান্নান কনস্ট্রাকশন। এই ঠিকাদার শুধু মাটির নিচে পাইলিংয়ের কাজ করে চলে যান। পরে ২০০৫ সালে দ্বিতীয়বার দরপত্র আহ্বান করা হয়। তখন যে ঠিকাদার কাজ পান, তিনিও পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ায় কাজটি ফেলে চলে যান। এরপর তৃতীয় দফা দরপত্র আহ্বান করা হলে আরপি কনস্ট্রাকশন কাজ পায়। এ পর্যন্ত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানই কাজের অতিরিক্ত বিল তুলতে পারেনি। এ পর্যন্ত ঠিকাদারদের প্রায় এক কোটি ৪২ লাখ টাকা বিল দেওয়া হয়েছে।সওজের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, আরপি কনস্ট্রাকশন ২০১২ সালে থেমে থেমে কাজ চালিয়ে গেলেও সেতুর নির্মাণকাজ শেষ করতে পারেনি। এই ঠিকাদার আর কাজ করবেন না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। নির্মাণ-উপকরণের দাম বেড়ে যাওয়া ও সেতুর সংযোগ সড়কের জন্য ভূমি অধিগ্রহণ বিলম্বিত হওয়াসহ নানা কারণে তাঁরা সরে পড়েছেন বলে জানিয়েছেন। তবে সংযোগ সড়কসহ মূল সেতুর কমপক্ষে এক-তৃতীয়াংশ কাজ এখনো বাকি রয়েছে। সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এখন জেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে অধিগ্রহণ চূড়ান্ত করবে। এরপর অসমাপ্ত কাজ নতুন করে শুরু হবে। গাজীপুরের জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, রাজাবাড়ী সেতুর জন্য ভূমি অধিগ্রহণের বিষয়ে তিনি কিছু জানেন না।