এক যুগেও শেষ হয়নি সংযোগ সড়ক নির্মাণ
অর্থ বরাদ্দ না দেওয়ায় কালনা-খুলনা ভায়া নড়াইল মহাসড়কের নড়াইল অংশের তিন কিলোমিটার সংযোগ সড়কের কাজ এক যুগেও শেষ হয়নি। এতে ওই সড়কের যানবাহনগুলো নড়াইল শহরের ভেতরের রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ কারণে দুর্ঘটনার পাশাপাশি সময়ও অপচয় হচ্ছে।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০০ সালে কালনা-খুলনা ভায়া নড়াইল আঞ্চলিক মহাসড়কের নড়াইল অংশের চিত্রা নদীর ওপর এস এম সুলতান সেতু নির্মিত হয়। মূল নকশা অনুযায়ী এ সড়কের বাসভিটা থেকে আউড়িয়া ইউনিয়নের মালিবাগ পর্যন্ত মোট ৬ দশমিক ৮ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করার কথা। এর মধ্যে তখন মালিবাগ থেকে ধোপাখোলা পর্যন্ত অংশের নির্মাণকাজ সম্পন্ন করা হয়।ওই বছরেই এ সংযোগ সড়কের ধোপাখোলা থেকে বাসভিটা পর্যন্ত বাকি তিন কিলোমিটার অংশের নির্মাণকাজের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাস এবং নকশা চূড়ান্ত করা হয়।সড়ক নির্মাণের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে ১৯ দশমিক ৬১ হেক্টর জমি অধিগ্রহণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু অর্থ বরাদ্দ না পাওয়ায় জমি অধিগ্রহণ করা যায়নি। এ কারণে ওই সময় সংযোগ সড়কের এ অংশেরও নির্মাণকাজ করা সম্ভব হয়নি। কালনা-খুলনা সড়কের বাসচালক মো. আশরাফ হোসেন বলেন, নতুন বাস টার্মিনাল (বাসভিটা) থেকে ধোপাখোলা পর্যন্ত তিন কিলোমিটারে সংযোগ সড়ক না হওয়ায় তাঁদের বাস নিয়ে শহরের ভেতরের সরু ও আঁকাবাঁকা রাস্তা দিয়ে চলাচল করতে হয়। এতে ছয়-সাত মিনিটের জায়গায় ২০-২৫ মিনিট লেগে যায়। শহরের ভেতরের রাস্তার দুই পাশে শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, হোটেল ও ধর্মীয় প্রতিষ্ঠান থাকায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হয়। রাস্তা সরু হওয়ায় কোনো গাড়িকে সাইড দিতে গেলে সমস্যায় পড়তে হয়। মাছিমদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা বেগম প্রথম আলোকে বলেন, এ ই সড়ক দিয়ে যানবাহন চলাচল করায় ছোট ছোট ছেলেমেয়েরা ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে বাধ্য হচ্ছে। গত বছর তাঁর বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক ছাত্র সজল বাসচাপায় নিহত হয়েছে। বিদ্যালয়ের সামনে মাছিমদিয়া চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।সওজ নড়াইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দীন আহমেঞ্চদ প্রথম আলোকে বলেন, অর্থ বরাদ্দ না পাওয়ায় কালনা-খুলনা ভায়া নড়াইল সংযোগ সড়কের বাকি তিন কিলোমিটার অংশ নির্মাণ করা যায়নি। ওই প্রকল্পের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন ওই অংশের নির্মাণকাজ শেষ করতে নতুন করে প্রকল্প প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।