এক যুগেও সংস্কার হয়নি দুই কিলোমিটার রাস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগেও রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মৌলভির ঘাট থেকে লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়নি। এতে খানাখন্দের সৃষ্টি হয়ে রাস্তাটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।সড়ক ও জনপথ বিভাগের রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধীন ৪৫ কিলোমিটার দীর্ঘ একটি বেড়িবাঁধে পড়েছে ওই দুই কিলোমিটার রাস্তা। বাঁধটি গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকা থেকে শুরু হয়ে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে শেষ হয়েছে। ২০০০ সালে পাউবো সওজের রাজবাড়ী কার্যালয়কে বাঁধের ওপরের অংশ পাকাকরণের দায়িত্ব দেয়। ইতিমধ্যে বাঁধের ২৫ কিলোমিটারে পাকা করার কাজ শেষ হয়েছে। কিন্তু জেলা সদরের এই গুরুত্বপূর্ণ দুই কিলোমিটার অংশে ১২ বছরের মধ্যে কোনো রকম উন্নয়নমূলক কাজ হয়নি। এতে রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। লক্ষ্মীকোল গ্রামের বাসিন্দা সেলিনা বেগম জানান, রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় শুষ্ক মৌসুমেও ভ্যান ও রিকশায় চলাচল করা যায় না। আর বৃষ্টি হলে ওই রাস্তা দিয়ে হেঁটেও চলাচল করা যায় না। কয়েক দিন আগে স্কুলগামী দুটি মেয়ে পা পিছলে পড়ে আহত হয়। ডা. এ ওয়াহিদ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এয়াকুব আলী ইয়ান জানায়, বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুসমান কাদা হয়। এ কারণে এক পোশাক পরে পরপর দুই দিন বিদ্যালয়ে যাওয়া যায় না। দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফর রহমান জানান, স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী এই রাস্তাটি পরিদর্শন করেছেন। তিনি আগামী তিন মাসের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।সওজের রাজবাড়ী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, ‘বরাদ্দ না থাকায় রাস্তার এই অংশের কাজ করা সম্ভব হয় নাই। বরাদ্দ পেলে রাস্তাটির কাজ শুরু করব।’