এক যুগেও হলো না
জয়পুরহাটে প্রায় এক যুগ ধরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভাগুলোতে যানজট নিরসনে সিদ্ধান্ত গৃহীত হয়ে আসছে। কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে না। বছরের পর বছর ধরে জয়পুরহাটবাসী শহরের প্রধান রাস্তায় যানজটের কবলে পড়ছে। এ রাস্তার পাশে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্রাক রেখে মালামাল ওঠানো-নামানো না করা এবং ট্রাক, ট্রাক্টর ট্রলি, নছিমন চলাচল নিষিদ্ধ করা হলেও তা কার্যকর হচ্ছে না। অভিযোগ রয়েছে, ট্রাফিক পুলিশ ঘুষ নিয়ে এসব যানবাহন চলাচলে কোনো বাধা দেয় না। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, ২০০০ সালের ৮ নভেম্বর কমিটির সভায় সিদ্ধান্ত হয় শহরের প্রধান রাস্তার পাশে রামদেও বাজলা সরকারি উচ্চবিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এবং শহরে প্রধান রাস্তায় দিনে বাস-ট্রাক দাঁড় করানো যাবে না। এ ছাড়া সভায় শহরের প্রধান সড়কে ট্রাক, ট্রাক্টর ট্রলি ও ভটভটি চলাচল নিষিদ্ধ করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট মজিবর রহমান। ২০০০ সালের নভেম্বর থেকে ২০১১ সালের মে পর্যন্ত একই সিদ্ধান্ত আলোচ্যসূচিতে স্থান পায় এবং তা গৃহীত হয়। কিন্তু আজও তা বাস্তবায়িত হয়নি। ২০১১ সালের ৮ জানুয়ারি জেলা ম্যাজিস্ট্রেট অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে কমিটির সভায় একাধিক সদস্য যানজটের বিরুদ্ধে অভিযোগ তুললে ওই সভায়ও একই সিদ্ধান্ত হয়। ২০১১ সালের ১১ মে জেলা ম্যাজিস্ট্রেট অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায়ও শহরের যানজট নিরসনের সিদ্ধান্ত হয়।শহরবাসীর অভিযোগ, দীর্ঘদিন থেকে শহরের প্রধান রাস্তায় দিনে ট্রাক, ট্রাক্টর ট্রলি, নছিমন চলাচল করলেও ট্রাফিক পুলিশ ওইসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না। জয়পুরহাট পৌরসভার মেয়র ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সদস্য আবদুল আজিজ মোল্লা জানান, শহরের যানজট নিয়ে মাসিক সভায় যানজট নিয়ে শুধু আলোচনা এবং তা নিরসনের সিদ্ধান্ত হয়। কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়ন হচ্ছে না। শহরের একাধিক ব্যবসায়ী বলেন, শহরের প্রধান রাস্তায় বাস দাঁড় করিয়ে যাত্রী ও মালামাল ওঠানো-নামানোর কারণে যানজট লেগেই থাকে।জয়পুরহাট জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, আইনশৃঙ্খলা কমিটির সভায় শুধু সিদ্ধান্তই হয়, বাস্তবায়ন হয় না। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল দাবি করেন, ট্রাক্টর ট্রলি, ভটভটি, ট্রাক দিনে চলাচল করায় এগুলোর বিরুদ্ধে মামলা করা হয়।পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ট্রাফিক পুলিশের বিরুদ্ধে ঘুষ নিয়ে ওইসব যানবাহন চলাচল করতে দেওয়ার অভিযোগ ঠিক নয়। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আর দিনে প্রধান সড়কে ওইসব যানবাহন চলাচল বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।