এক যুগেও হয়নি অ্যাপ্রোচ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের বলমন্তরচরবাসীর যাতায়াতের একমাত্র রাস্তায় প্রায় এক যুগ আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর একটি সেতু নির্মাণ করেছে। কিন্তু এখনো সেতুটির অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করা হয়নি। এদিকে একই জায়গায় আবারও সেতু নির্মাণের জন্য ১৮ লাখ ৭০ হাজার ৮০০ টাকার একটি প্রকল্প নিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করে একই স্থানে আবারও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আলগীরচর গ্রামের শাহেদুল হক বলেন, সেতুটির অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসী বলেন, নতুন সেতুর দরকার নেই। অ্যাপ্রোচ সড়ক হলে তাঁদের দুর্ভোগ লাঘব হবে। সূত্র জানায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২৬ ফুট দীর্ঘ নতুন এই সেতু প্রকল্পের নাম বাহ্রা ইউনিয়নের বলমন্তরচর গ্রামে ঋষিপাড়া-কৃষ্ণচূড়া বাজার রাস্তায় সেতু নির্মাণ। নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, তাঁদের স্থাপনার ওপর কোনো দপ্তরেরই সেতু বা কালভার্ট নির্মাণের এখতিয়ার নেই। নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান বলেন, ওই জায়গায় বর্তমানে যে সেতু আছে, সেটির অ্যাপ্রোচ নির্মাণ করা হবে। সংশ্লিষ্ট বিভাগকে প্রকল্পটি বাতিল করে অন্যত্র দেওয়ার সুপারিশ করা হয়েছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুবেদুজ্জামান বলেন, এলাকার জনগণ নতুন সেতুর প্রয়োজন আছে বলে মনে করে না। আগের সেতুটির অ্যাপ্রোচ নির্মাণ করলেই তাঁদের দুর্ভোগ কমবে।