এক যুগেও ১০০ শয্যার জনবল পদায়ন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ আগে শরীয়তপুর সদর হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। কিন্তু এখনো প্রয়োজনীয় জনবল পদায়ন করা হয়নি। এতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে শরীয়তপুর জেলা শহরে ৫০ শয্যার হাসপাতালটির যাত্রা শুরু হয়। হাসপাতালে ক্রমাগত রোগীর ভিড় বাড়তে থাকায় ২০০৩ সালে এটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তবে শয্যা বাড়লেও জনবল পদায়ন করা হয়নি। পুরোনো জনবল দিয়ে জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে চিকিৎসাসেবা।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, ৫০ শয্যার হাসপাতালের জন্য মঞ্জুরীকৃত চিকিৎসকের পদ ১৯টি, তার মধ্যে কর্মরত রয়েছেন ১২ জন। তাঁদের মধ্যে একজন ছুটি নিয়ে বিদেশে অবস্থান করছেন। আরেকজন সিভিল সার্জনের দায়িত্বে আছেন। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীর মঞ্জুরীকৃত ৮২টি পদের মধ্যে এখন ৬২ জন কর্মরত আছেন। অথচ ১০০ শয্যার হাসপাতালের জন্য ৪০ জন চিকিৎসক ও ১৮৪ জন কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন।
হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সুমন পোদ্দার বলেন, একজন চিকিৎসককে প্রতিদিন দেড় শতাধিক রোগী দেখতে হয়। এত বেশি রোগীকে সেবা দিতে তাঁরা হিমশিম খাচ্ছেন।
হাসপাতালে ভর্তি সদর উপজেলার বিনোদপুর গ্রামের ইয়াসিন সরদার (৬৫) বলেন, ‘পিঠে ব্যথা নিয়ে তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছি। ভর্তির সময় ডাক্তার ওষুধ লিখে দিছেন। নার্সরা প্রতিদিন তাই দিতাছে। ভর্তি হওয়ার পরে আর ডাক্তার আসেননি। এখনো ব্যথা কমেনি।’
শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সিভিল সার্জন মুনীর আহমদ খান বলেন, জনবল পদায়নের জন্য প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হচ্ছে। কিন্তু কাজ হচ্ছে না।