এক যুগের ‘অজানা’ এক দিনেই জানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সিলেট-১-এর ছয় নম্বর এলাকার গ্রাহক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন এ এম ইকবাল হোসেন। ১৯৯৭ সাল থেকে তিনি সভাপতি পদে প্রতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। ইকবাল যে পবিসের গ্রাহক সংগঠনের সদস্য হওয়ার শর্ত গোপন করে সদস্য হয়েছেন এবং পরবর্তী সময়ে পরিচালক মনোনীত হয়ে সভাপতির দায়িত্ব পালন করছেন—বিষয়টি সিলেটে পবিসের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে এত দিন ‘অজানা’ ছিল। প্রায় এক যুগের এই ‘অজানা’ তথ্য গত বুধবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) তদন্তে এক দিনেই উদ্ঘাটিত হয়েছে।পবিস সিলেট-১ সূত্রে জানা গেছে, গ্রাহক সংগঠনের সদস্য হওয়ার শর্তাবলির প্রথমেই হচ্ছে, বিদ্যুতের সংযোগ নিজের জায়গায় নিজের নামে হতে হবে। এ এম ইকবাল হোসেন একজন গ্রামবাসীকে বিদ্যুতের সংযোগ তাঁর নামে দিয়ে ছয় নম্বর এলাকার সভাপতি হয়েছেন। ১৯৯৭ সালের ৩০ মার্চ থেকে তিনি ছয় নম্বর এলাকার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সম্প্রতি একজন গ্রাহকের মাধ্যমে বিষয়টি আরইবিকে অবহিত করা হলে গত বুধবার বোর্ডের পরিচালক নূরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।পবিস সিলেটের (সিপবিস-১) মহাব্যবস্থাপক মো. শাহজাহান তালুকদার বলেন, ‘উনি এলাকার একজন সম্মানিত ব্যক্তি। কিন্তু কেন তিনি এমন করে তথ্য গোপন করলেন, তা আমাদের কাছে পরিষ্কার নয়। তিনি বিদ্যুৎ বিল অগ্রিম দিয়ে দিতেন। এ জন্য তাঁর ব্যাপারে যথাযথভাবে খোঁজ নেওয়ার কাজটি মাসে মাসে সমন্বয় হয়নি। এখন তদন্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা বলবে, তা-ই বাস্তবায়ন করা হবে।’মুঠোফোনে যোগাযোগ করলে এ এম ইকবাল হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে কী যেন তদন্ত চলছে বলে আমি শুনেছি। তবে কী বিষয় জানি না।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো জোর করে পল্লী বিদ্যুতের সদস্য হইনি। অভিযোগের সত্যতা যদি কেউ পায়, ব্যবস্থা নিক, আমার কিছু বলার নেই। আমি এমনিতেই অবসরে যেতে চাই।’ তথ্য গোপন করে গ্রাহক-সদস্য থেকে পরিচালক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা ১২ বছর সভাপতির দায়িত্ব পালন করার পেছনে পবিস কর্তৃপক্ষের কোনো পৃষ্ঠপোষকতা ছিল কি না, জানতে চাইলে ইকবাল বলেন, ‘এ বিষয়ে আমার জবাব—নো কমেন্টস!’