এক রাতে অর্ধশতাধিক দোকান নদীর পেটে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কারখানা নদীর ভাঙন বেড়েছে। গত শনিবার রাতে এ উপজেলার শতরাজ বন্দরের অর্ধশতাধিক দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গত রোববারও কয়েকটি বসতঘর নদীতে চলে গেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও প্রশাসন এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ভাঙন অব্যাহত থাকায় উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের অর্ধেক কারখানা নদীতে চলে গেছে।দুর্গাপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস ছালাম খান বলেন, ‘বহুবার আবেদন করার পরও পাউবো ইউনিয়ন রক্ষায় কোনো উদ্যোগ নেয়নি। আমরা এই অঞ্চলের ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা চাই।’সরেজমিনে দেখা গেছে, অনেকে ভাঙন থেকে রক্ষার জন্য দোকান ও বসতঘর অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত স্থান ছাড়তে অনেকের চোখেমুখে ছিল হতাশার ছাপ। নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া দোকান মালিক নান্টু মৃধা, রেজভী হোসেন, আবু জাফর হাওলাদারসহ কয়েকজন জানান, তাঁদের দোকানসহ অন্যান্য পণ্য নদী গ্রাস করেছে। শতরাজ বাজার কমিটির সভাপতি আবু বকর মৃধা বলেন, গত জুলাই মাসেও ভাঙনে বাজারের প্রায় অর্ধশতাধিক দোকান কারখানা নদীর গর্ভে চলে যায়। এ এলাকাকে বাঁচাতে হলে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের উদ্যোগ নিতে হবে। দুধল ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পুনর্বাসন ও ভাঙনের কবল থেকে শতরাজ বন্দর রক্ষার বিষয়ে স্থানীয় সাংসদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।স্থানীয় সাংসদ ও জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমি নদীর ভাঙন প্রতিরোধে বড় একটি প্রকল্প তৈরি করেছি। ওই প্রকল্প অনুমোদন পেলে নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধান হবে।’পাউবোর বরিশাল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশীদ বলেন, বাকেরগঞ্জ এলাকা পরিদর্শন শেষে শতরাজ বন্দরসহ ছয়টি প্রকল্প গ্রহণের জন্য ঢাকায় অনুরোধ করা হয়েছে। ওই প্রকল্প অনুমোদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।